২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে যাচ্ছে ওয়ালটনের টিভি-ওয়াশিং মেশিন

ইরাকে নিজস্ব ব্র্যান্ডের টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 10:47 PM

Updated : 28 Apr 2022, 11:45 PM

গত সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ইরাকে এ দুই পণ্য রপ্তানির কার্যক্রমের উদ্বোধন করা হয় বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য রপ্তানি হচ্ছে। এ ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে যাচ্ছে বাংলাদেশের এ ব্র্যান্ড।

ঢাকায় ইরাকের হেড অব মিশন আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন আনুষ্ঠানিকভাবে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন। ইরাকের ডেপুটি হেড অব মিশন মোহানাদ আল দারাজিও এসময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকে ওয়ালটনের বিজনেস পার্টনার হিসেবে কাজ করবে দেশটির খ্যাতনামা কোম্পানি ‘নূর ইশতার’। কোম্পানিটি ইরাকের বাজারে ওয়ালটন ব্র্যান্ডের টিভি ও ওয়াশিং মেশিন বাজারজাত করবে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল অব. এসএম শাহাদাত হোসেন, ইউসুফ আলী, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার মোস্তফা নাহিদ হোসেন, আইবিইউ শাখার ভাইস প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।

ইরাকের হেড অব মিশন মোহাইসেন বলেন, ওয়ালটন কারখানা পরিদর্শনে এসে আমরা অত্যন্ত অভিভূত। ইরাকে টিভি, ওয়াশিং মেশিন রপ্তানি শুরুর মাধ্যমে ওয়ালটন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও উৎসাহিত করেছে।

ওয়ালটনের আইবিইউ শাখার প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম বলেন, বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। এ লক্ষ্য পূরণে আমরা বিশ্বব্যাপী ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস ছড়িয়ে দিতে কাজ করছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের এ ইলেকট্রনিক্স জায়ান্ট।