‘নগদ’ দিয়ে দেওয়া যাচ্ছে ভূমি সেবার ফি
মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি ‘নগদ’ এর মাধ্যমে ভূমিসংক্রান্ত যাবতীয় সেবার ফি দেওয়া যাচ্ছে।
ভূমি উন্নয়ন ফি (এলডি ট্যাক্স), ই নামজারি (ই মিউটেশন) ও ই পর্চা (খতিয়ান) ফিসহ সব ধরনের ফি পরিশোধ করা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।
এতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পর্চা, নামজারি ও ভূমি সেবা ফি প্রদান করতে পারবেন।
এছাড়া ভূমি কল সেন্টার ১৬১২২ এবং ভূমি অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে টোকেন অথবা রেফারেন্স নম্বর সংগ্রহ করে ‘নগদ’ অ্যাপের বিল পে এর মাধ্যমে সহজে ফি পরিশোধ করতে পারবেন।
ফি পরিশোধের পর ভূমিসেবা গ্রহীতা একটি রশিদ পাবেন।
গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে সেবাটি চালু হয়েছে বলে জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগদ এর মাধ্যমে আদায় করা অর্থ তাৎক্ষণিকভাবে সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট হয়ে ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে স্থানান্তরিত হবে।
অনলাইনে জমা করা ভূমি ফি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট জমির অনুকূলে জমা হবে। এতে দুর্নীতি অনেকটাই কমে যাবে বলে মনে করে কোম্পানিটি।
নগদ এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, “আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া। ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করতে গ্রাহককে যাতে কোনো রকম হয়রানির শিকার হতে না হয়, সে জন্য আমরা ডিজিটাল সার্ভিস ‘নগদ’ এর মাধ্যমে ফি পরিশোধের সহজ সুবিধা চালু করেছি।
“এতে গ্রাহকেরা অতি স্বল্প সময়ে ফি প্রদান করতে পারবেন। এ জন্য ফি দাতাকে আর ভূমি অফিসে যেতে হবে না।”
