সোমবার ঢাকায় বসছে সবজি মেলা
রাজধানীর ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সোমবার শুরু হচ্ছে তিন দিনের জাতীয় সবজি মেলা।
রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।
তিনি বলেন, এবছর জাতীয় সবজি মেলার প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’।
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক সোমবার বিকাল ৩টায় মেলার উদ্বোধন করবেন। ষষ্ঠবারের মত এ মেলার আয়োজন করছে কৃষি মন্ত্রণালয়।
এবারের মেলায় ৫২টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থাকছে। ২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
মহামারীর কারণে গতবছর সবজি মেলা হয়নি। তার আগের বছর ২০২০ সালের জানুয়ারি মাসে পঞ্চমবারের মত এ মেলার আয়োজন হয়েছিল।
সেবার অংশ নিয়েছিল ৬৫টি স্টল ও তিনটি প্যাভিলিয়ন। তিন দিনের মেলায় বিক্রি হয়েছিল ৩০ লাখ টাকার সবজি।
সংবাদ সম্মেলনে বিগত কয়েক বছরে সবজির উৎপাদনচিত্রও তুলে ধরেন কৃষি সচিব।
তিনি বলেন, গত ১২ বছরে সবজির উৎপাদন প্রায় সাতগুণ বেড়েছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য অনুযায়ী, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় অবস্থানে। এই তালিকায় চীন প্রথম এবং ভারত দ্বিতীয়।
বর্তমানে কৃষিখাত থেকে বার্ষিক জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে। দেশে এখন চাষাবাদ হয় ১০০ প্রজাতির সবজি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে ৯ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে এক কোটি ৯৭ লাখ ১৮ হাজার টন সবজি উৎপাদন হয়েছিল।
এর আগের বছর ৯ লাখ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল এক কোটি ৮৪ লাখ ৪৭ হাজার টন সবজি।
