২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলা কথায়’ চলবে ওয়ালটনের নতুন এসি

ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভাষায় নিয়ন্ত্রণ করা যাবে এরকম এসি উন্মোচন করেছে ওয়ালটন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 10:01 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

রিমোট ব্যবহার ছাড়াই বাংলায় কথা বলে ওয়ালটনের এ এয়ারকন্ডিশনার চালু বা বন্ধ করা যাবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

ওয়ালটনের উদ্ভাবন করা এ প্রযুক্তি বিশ্বে প্রথম বলে দাবি করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, এর আগে গত বছর প্রথমবারের মতো অফলাইন ভয়েস কন্ট্রোল প্রযুক্তির এসি বাজারে আনে ওয়ালটন। ‘ওশেনাস সিরিজ’ এর ওয়ালটনের এ এসি ইংরেজিতে বিভিন্ন কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায়।

এবার বাংলায় কথা বলার এসি আনলো ওয়ালটন। ‘স্বাগতম ওয়ালটন’ বললেই এ প্রযুক্তির এসি সচল হবে। ‘এসি চালু’ বললেই সেটি স্বয়ংক্রিভাবে চালু হবে। আবার ‘এসি বন্ধ’ বললে নিজে থেকে বন্ধ হবে।

এ উপলক্ষে গত রোববার রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘বাংলা ভয়েস কন্ট্রোল এসি’ উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এসএম মাহবুবুল আলম।

এসময় কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মাহবুবুল বলেন, বাংলা ভয়েস কন্ট্রোল এসি ওয়ালটন আরএন্ডআই টিমের একটি বিস্ময়কর আবিষ্কার। একটি রিয়েল ইনোভেশন। এর আগে আমরা ইংরেজি ভাষায় ভয়েস কন্ট্রোল এসি এনেছি।

“বিশ্বের অন্যান্য যেসব দেশে আমরা এসি রপ্তানি করছি, পর্যায়ক্রমে সেসব দেশের প্রধান ভাষায়ও ওয়ালটনের কথা বলা এসি আসবে। ওয়ালটনের অন্যান্য পণ্যেও এ ধরনের উদ্ভাবন চলছে।“

তিনি ওয়ালটনের এ আবিষ্কার ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করেন।

তানভীর জানান, এসি ব্যবহারে ক্রেতাদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ নিশ্চিত করতে তারা নতুন ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণা করছেন। এর প্রেক্ষিতে পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী বাংলা ভয়েস কন্ট্রোল এসি বাজারে ছাড়া হয়েছে।

এ মডেলের এসিতে আরও ব্যবহার করা হয়েছে ইনভার্টার প্রযুক্তি, ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার, ফ্রস্ট ক্লিনসহ অত্যাধুনিক সব সুবিধা।