সিটি ব্যাংকের প্রধান ব্যবসা কর্মকর্তার দায়িত্বে শেখ মারুফ
সিটি ব্যাংক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফকে ব্যাংকের প্রধান ব্যবসা কর্মকর্তা বা চিফ বিজনেস অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে।
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি এখন থেকে ব্যাংকের সামগ্রিক ব্যবসায়ের প্রধান হিসেবে কাজ করবেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।
এছাড়া তিনি ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ ব্যাংকের ব্যবসায় প্রবৃদ্ধির তদারকি করবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
শেখ মোহাম্মদ মারুফ তার ২৭ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে করপোরেট, ট্রেজারি, এসএমই ব্যাংকিং, গ্রিন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্সিং সেক্টরে দীর্ঘ দিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাংকার।
এছাড়া তিনি ডেরিভেটিভ প্রডাক্ট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট ও মানি মার্কেটের উন্নয়নে কাজ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিনি একত্রীকরণ ও অধিগ্রহণ, পরামর্শ ও কাঠামোগত অর্থ লেনদেন এবং অফশোর ব্যাংকিং ব্যবসার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অভিজ্ঞ এ ব্যাংকার ১৯৯৫ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, বাংলাদেশে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
এরপর ২০০৭ সালে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিটি ব্যাংকে যোগ দেন এবং তখন থেকে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্জনে তিনি সরাসরি ভূমিকা রাখেন।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন।
তিনি আইআইডিএফসি ও সিটি ব্যাংকের দুটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ও ভেন্চার ক্যাপিটাল পার্টনার বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য।
