যশোর কলেজের লাইব্রেরির উন্নয়নে বিকাশের পৃষ্ঠপোষকতা
যশোর কলেজের লাইব্রেরির উন্নয়নে পৃষ্ঠপোষকতা করেছে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অঞ্চলের শীর্ষস্থানীয় এ শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজারের বেশি শিক্ষার্থীর জ্ঞান চর্চায় আরও সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতেত জানিয়েছে কোম্পানিটি।
এতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে আধুনিক ডিজিটাল লাইব্রেরিটির কার্যক্রম উদ্বোধন করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি চর্চার সুযোগ তৈরি করতে লাইব্রেরিটিতে চারটি কম্পিউটার, উন্নত প্রযুক্তির লেজার ফটোকপি প্রিন্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়ার পরিবেশ তৈরি করতে নান্দনিকভাবে লাইব্রেরিটিকে সাজানো হয়েছে। লাইব্রেরির এই অবকাঠামো উন্নয়নের ফলে আরও বই সংগ্রহ, সংরক্ষণ এবং ব্যবহারের সুযোগ তৈরি হল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রা শুরুর সময় থেকেই বিকাশ বই বিতরণের সঙ্গে সম্পর্ক গড়েছে। আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে বিকাশ। এ পর্যন্ত দুই হাজার ৯০০ শিক্ষা প্রতিষ্ঠানে দুই লাখ ৫৩ হাজার ৬০০ বই দিয়েছে বিকাশ, যা থেকে ২৬ লাখ পাঠক উপকার পেয়েছে।
