বৈদ্যুতিক গাড়ি ও মোটরসাইকেল আমদানিতে সর্বনিম্ন শুল্ক সুবিধার দাবি
পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি ও মোটরসাইকেল আমদানির ওপর সর্বনিম্ন শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ইলেকট্রিক (বৈদ্যুতিক) গাড়ি বা মোটরসাইকেল আমদানি করা হলে দেশে কার্বন নিঃসরণ কমবে। জ্বালানি তেলের আমদানিও কমে আসবে।
“বর্তমানে এমন গাড়ি তৈরি হচ্ছে, যা একবার চার্জ দিয়ে ৫০০ থেকে ৭০০ কিলোমিটার চলবে। এতে খরচও কমে যাবে।”
বর্তমানে বৈদ্যুতিক মোটরসাইকেল আমদানির ওপর দুটি স্তরে ৬০ ও ৩৮ শতাংশ শুল্ককর নেওয়া হচ্ছে জানিয়ে আকিজ মটরসের এই প্রতিনিধি বলেন, “কিন্তু যানটি আমদানির ক্ষেত্রে যন্ত্রাংশ আমদানি করে দেশে সংযোজনের (এসকেডি) বিষয়ে কিছু বলা নেই। তাই দেশে ইলেকট্রিক ভেহিকল আমদানিতে সর্বনিম্ন শুল্কহার নির্ধারণের পাশাপাশি সিবিও এবং এসকেডি আলাদা করে এইচএস কোড নির্ধারণ করা প্রয়োজন।”
বৈদ্যুতিক গাড়ি আমদানিতে সারচার্জ ৩৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার দাবিও জানান তিনি।
আরেক প্রাকবাজেট আলোচনায় আইবিসিসিআই মহাসচিব এসএম আবুল কালাম আজাদ বেনাপোল স্থল বন্দরের শুল্ক বিভাগের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনেন।
তিনি বলেন, “সার্কভুক্ত দেশগুলো থেকে আমদানি করা পণ্যের বাধ্যতামূলক ৫৫টি তালিকাভুক্ত পণ্য চালানের বাইরে কোনো খাদ্যদ্রব্য আমদানি হলে আমদানি নীতি আদেশ অনুযায়ী রেডিয়েশন টেস্ট থেকে অব্যাহতি পাওয়া যায়। আবার আমদানি নীতি আদেশ ২০১৫-১৮ অনুযায়ী রপ্তানিকারক দেশ থেকে ফিট ফর হিউম্যান কনজামশন সার্টিফিকেট দাখিল করার শর্তে পণ্যচালান ছাড় দেওয়ার নির্দেশনা দেওয়া আছে।
“কিন্তু বেনাপোল স্থলবন্দরে রপ্তানিকারক যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত ফিট ফর হিউম্যান কনজামশন সার্টিফিকেট দাখিল করা হলেও কাস্টমস হাউস বেনাপোল পুনরায় ফিট ফর হিউম্যান কনজামশন সার্টিফিকেট যাচাইয়ের জন্য আমদানি করা পণ্যের নমুনা ঢাকার বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে পাঠায়।”
মহাসচিবের ভাষ্য, ঢাকা থেকে সেই সনদ যেতে লাগছে মাসের বেশি সময় এবং খরচ হয় এক থেকে পাঁচ লাখ টাকা। এই ব্যয় বর্তায় সাধারণ ক্রেতার ওপর। অথচ চট্টগ্রাম বন্দর থেকে একই ধরনের সনদ দিয়ে পণ্য খালাস করা যাচ্ছে।
তিনি লুব্রিকেটিং অয়েলকে শিল্পের কাঁচামাল হিসেবে বিবেচনা করার প্রস্তাব দিয়ে বলেন, এ পণ্যের ওপর থেকে ১৫ শতাংশ ভ্যাট বাদ দিয়ে ট্যারিফ মূল্য নির্ধারণের প্রস্তাব দেন।
এসময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিমস বলেন, “দেশের রাজস্ব আদায় আমাদের প্রধান উদ্দেশ্য নয়; এটা বোঝাতে এখন আমরা রাজস্ব আদায় বলি না, এখন রাজস্ব আহরণ বলি। আপনাদের (ব্যবসায়ী) সুবিধা দেওয়ায় এখন আমাদের প্রধান চিন্তা।“
আলোচনায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালোয়েন্সের (আত্মা) তরফে তরুণ জনগোষ্ঠীকে তামাক থেকে সুরক্ষা দেওয়াসহ নতুন বাজেটের জন্য বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়।
এনবিআর চেয়ারম্যানের কাছে কয়েকটি প্রস্তাব তুলে ধরে সংগঠনের সদস্য মনির হোসেন লিটন বলেন, “এসব দাবি বাস্তবায়ন করা হলে নয় হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরণ হবে এবং চার লাখ ৪৫ হাজার প্রাপ্তবয়স্ক ও চার লাখ ৪৮ হাজার তরুণ জনগোষ্ঠীর অকালমৃত্যু রোধ হবে।”
সংগঠনটি সিগারেটের স্তর অনুযায়ী সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করার দাবি জানায়।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, “তামাকের দাম বাড়ালেই দেশে তামাক ব্যবহারকারী কমবে- এমন চিন্তার সঙ্গে আমি একমত নয়।
“আমি মনে করি তামাক একটি নেশা। এ নেশার মূল্য ধরাছোঁয়ার বাইরে চলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে।”
সিগারেটের দাম বাড়ালে উচ্চবিত্তদের সমস্যা হয় না মন্তব্য করে তিনি বলেন, বরং নিম্নবিত্তদের বেলায় পরিবারের সদস্যরা পুষ্টির অভাবে পড়ছে।
“যেমন তামাকের দাম বেশি বেড়ে গেলে হয়ত ওই ব্যক্তি তার বাচ্চার জন্য একটি ডিম কিনতে পারবে না। আমি মনে করি, শুধুমাত্র দাম বাড়িয়ে নেশা বন্ধ করা যাবে না। সিগারেটের দাম অতিরিক্ত বাড়িয়ে হেরোইন বা ইয়াবার দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা ও সদস্য (আয়কর নীতি) সামসুদ্দিন আহমেদ।
