২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করপোরেট কর ২৮ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব বিডার

বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে আনতে করপোরেট করহার আরও কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 10:11 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনায় এই সুপরিশ জানানো হয়।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিমের সঙ্গে এই আলোচনায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলোদেশ ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতিনিধিরাও অংশ নেয়।

বিডার মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, “বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের পূর্বে সবসময় পার্শ্ববর্তী এবং প্রতিযোগী দেশগুলোর কর্পোরেট করহার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বাংলাদেশে উচ্চতর করহারের কারণে অনেক আগ্রহী বিনিয়োগকারীই পরবর্তীতে বিনিয়োগ না করে চলে যান। তাই নতুন বিদেশি বিনিয়োগ উৎসাহিতকরণের উদ্দেশ্যে এই হার হ্রাস করা প্রয়োজন।”

তিনি হিসাক কষে দেখা্ন, বাংলাদেশে কর্পোরেট করহারের সঙ্গে অন্যান্য কর যেমন- অগ্রিম কর, উৎসে কর অন্তর্ভুক্ত করে সামগ্রিক কর প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশে উন্নীত হয়ে যায়, অথচ কিন্তু বৈশ্বিক কর্পোরেট করহারের গড় ২১ থেকে ২৪ শতাংশ।

“বিদেশি বিনিয়োগে আমাদের প্রতিযোগী দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় ২৪ শতাংশ, ভিয়েতনামে ২০ শতাংশ, ইন্দোনেশিয়ায় ২৫ শতাংশ।”

পর পর দুই অর্থবছরে আড়াই শতাংশ হারে কমিয়ে বর্তমানে বাংলাদেশের কর্পোরেট করহার ৩০ শতাংশ। আর শেয়ার বাজারে তালিকাভূক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ। এর আগে ২০১৯-২০ অর্থবছরেও বাংলাদেশের করপোরেট কর হার ৩৫ শতাংশ ছিল।

বিডা মহাপরিচালক নতুন বাজেটে এই করহার ২৮ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেন।

লভ্যাংশ আয়ের উপর অগ্রিম কর কোম্পানির জন্য ২০ শতাংশ থেকে ১০ শতাংশে এবং ব্যক্তিদের কাছ থেকে ১০ শতাংশ হতে ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও দেন তিনি।

আমাজন, ফেইসবুক, গুগলসহ এরকম বিদেশি কোম্পানিগুলোকে কর্পোরেট করের আওতায় আনার পরামর্শও এনবিআরকে দেন মাহবুব।

“আমাজন, ফেইসবুক ও গুগলের মতো বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া বাংলাদেশে ভ্যাট প্রদান করলেও কর্পোরেট কর প্রদান করে না। তাদের আইনি প্রতিনিধিদের কর্পোরেট কর প্রদানের আওতায় আনা উচিৎ।”

বিডার পক্ষ থেকে তিনি আরও বলেন, টেলিকম খাতে ন্যূনতম টার্নওভার কর ২ শতাংশ, অথচ স্বাস্থ্য ক্ষতিকারক তামাক খাতের টার্নওভার কর ১ শতাংশ। তাই টেলিকমের টার্নওভার করহার কমানো প্রয়োজন।

কর্পোরেট করহার নিয়ে এনবিআর চেয়ারম্যান মুনিম বলেন, “কিছু প্রতিষ্ঠানের কর্পোরেট কর এত বেশি ও দীর্ঘসময় ছাড় দেওয়া আছে, যে অনেক সময় ওই কোম্পানির কার্যক্রমই শেষ হয়ে যায়। তারপরও করের বোঝা যদি অতিরিক্ত হয়, তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।”

বিদেশি পরিচালকদের টিআইএন বাধ্যতামূলক করার বিধানটি বাদ দেওয়ার প্রস্তাব দিয়ে বিডা মহাপরিচালক বলেন, “অর্থ আইন মোতাবেক কোম্পানি গঠনে পরিচালকদের টিআইএন বাধ্যতামূলক। কিন্তু বড় মাপের বিনিয়োগকারীগণ সাধারণত বাংলাদেশে আসেন না বা ব্যবসায়িক ভ্রমণ ছাড়া অবস্থান করেন না। তাদের জন্য টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা রহিত করা প্রয়োজন।”

ঢাকার সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এই আলোচনায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও সংস্থার সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক, সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা এবং সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।