‘উদ্ভাবনী’ প্রযুক্তির ফ্রিজ আনল সিঙ্গার
দীর্ঘসময় ধরে ফলমূল ও শাকসবজি সতেজ রাখার পাশাপাশি ভিটামিন অটুট রাখে- এমন সুবিধার নতুন সিরিজের রেফ্রিজারেটর আনল সিঙ্গার।
ইউরোপীয় ডিজাইন ও প্রযুক্তিতে তৈরি নতুন এ রেফ্রিজারেটর আধুনিক বাসাবাড়ির জন্য বেশ উপযোগী বলে এক বিজ্ঞপ্তিতে জানায় সিঙ্গার বাংলাদেশ।
একইসঙ্গে এর উদ্ভাবনী ‘ফ্রেশ-ও-লজি’ ও ‘নিউট্রিলক’ ফিচার মানুষের প্রতিদিনের জীবনকে আরও সহজ ও উন্নত করবে।
“এ ধরনের উদ্ভাবনী ফিচারসমৃদ্ধ রেফ্রিজারেটরগুলো প্রথমবারের মতো দেশের বাজারে নিয়ে এসেছে সিঙ্গার বাংলাদেশ।”
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে নতুন সিরিজের এ রেফ্রিজারেটরগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএইচএম ফাইরোজ উপস্থিত ছিলেন।
এসময় কোম্পানির মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।
ফাইরোজ বলেন, “দেশের বাজারে প্রথমবারের মতো উদ্ভাবনী ও নতুন প্রযুক্তির রেফ্রিজারেটরগুলো নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। উদ্ভাবনী হোম অ্যাপ্লায়েন্স সল্যুশনের মাধ্যমে ক্রেতাদের জীবনধারার অংশীদার হতে সচেষ্ট রয়েছে সিঙ্গার।”
