রেমিটেন্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক বাংলাদেশ
সেন্টার ফর এনআরবির রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
২০২১ ও ২০২২ সালের জন্য ব্যাংকটি গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল আলম উপস্থিত ছিলেন।
