প্রান্তিক চাষিদের নিয়ে ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জের কর্মশালা
স্থানীয় সরকারের সুযোগ-সুবিধা ও নীতি নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত করতে প্রান্তিক চাষিদের নিয়ে ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তৃণমূল জনগোষ্ঠী নিয়ে কাজ করা সংস্থাগুলোর পরিচালন প্রক্রিয়া, জবাবদিহিতা ও সক্ষমতা জোরদারে চলমান প্রকল্পের আওতায় এ কর্মশালা হয়।
রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন হলে মঙ্গলবার আয়োজিত কর্মশালায় চার বছরব্যাপী এ প্রকল্পের কার্যপ্রণালী, সফলতা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জের এ উদ্যোগটি ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকদের স্থানীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও নীতি নির্ধারণের সাথে সম্পৃক্ত করা এবং স্থানীয় গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করাই ছিল এ কর্মশালার উদ্দেশ্য।
কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু, বাংলাদেশ ট্রেডক্রাফ্ট এক্সচেঞ্জের কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্ষমতায়ন’ প্রকল্পটি স্থানীয় কর্তৃপক্ষ ও ক্ষুদ্র কৃষক নিয়ন্ত্রিত সামাজিক সংগঠনগুলোর মধ্যে সৃজনশীল ও সমন্বিত সম্পর্ক জোরদার করতে সহায়তা করেছে, যা ক্ষুদ্র কৃষক, বিশেষ করে নারী ও জাতিগত সংখ্যালঘু এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সামাজিক ও আর্থিক অবস্থার উন্নতি করেছে ।
রুরাল ডেভেলপমেন্ট সংস্থা, গ্রাম উন্নয়ন সংস্থা এবং সুশীলন এ উদ্যোগে অংশ নেয়।
