২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-নেপাল পিটিএ চূড়ান্ত পর্যায়ে: বাণিজ্য সচিব

দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করতে প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষরের আনুষ্ঠানিকতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 10:37 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘বাংলাদেশ ও নেপালের মধ্যকার বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভবনা’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

নেপালের দ্য কনফেডারেশন অব নেপালিজ ইন্ডাস্ট্রিজের (সিএনআই) ১৩ সদস্যের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর উপলক্ষে এ সংলাপের আয়োজন করে ঢাকা চেম্বার।

অনুষ্ঠানে ঢাকা চেম্বার সভাপতি রিজওয়ান রাহমান ও সিএনআইয়ের সভাপতি বিষ্ণু কুমার আগারওয়াল একটি সহযোগিতা চুক্তিতে সই করেছে।

সংলাপে বাণিজ্য সচিব বলেন, ২০২৬ সালে বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে উত্তোরণ ঘটবে। এ পরিস্থিতিতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পিটিএ সইয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

“নেপাল সরকারের অনুমোদন পেলে শিগগির তা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হবে।“

ঢাকা চেম্বারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার ছিল সাত কোটি ৩৪ লাখ ডলার। বাংলাদেশ ৪০ লাখ ডলার সমমূল্যের পণ্য আমদানির বিপরীতে রপ্তানি করেছে ছয় কোটি ৮৬ লাখ ডলার।

নেপালের সঙ্গে পিটিএ সইয়ে গুরুত্ব প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-ভুটান পিটিএ: অবকাঠামো নির্মাণে জোর প্রধানমন্ত্রীর  

বাংলাদেশের ‘কানেক্টিভিটিতে’ আগ্রহ নেপালের  

বাণিজ্য সচিব জানান, বাংলাদেশে ভোক্তাশ্রেণির সংখ্যা অত্যন্ত বেশি। ভোগ্যপণ্য উৎপাদন খাতে এদেশে নেপালের উদ্যোক্তারা বিনিয়োগ করলে বেশ ভালো লাভবান হবেন।

“বিশেষ করে আজকে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা দুই দেশের উদ্যোক্তাদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করবে।“

ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাটপণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং প্রভৃতি খাত বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য খুবই সম্ভাবনাময়। নেপালের ব্যবসায়ীরা এসব খাতে বিনিয়োগ করলে লাভবান হবেন।

সিএনআইর সভাপতি বিষ্ণু কুমার আগারওয়াল বলেন, তার দেশ সেবাখাত নির্ভর অর্থনীতি থেকে উৎপাদন খাত নির্ভর অর্থনীতির দিকে ঝুঁকছে। বাংলাদেশি উদ্যোক্তাদের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ-জ্বালানি, অবকাঠামো, ম্যানুফেকচারিং, তথ্য-প্রযুক্তি প্রভৃতি খাতে নেপালে বিনিয়োগের সুযোগ রয়েছে।

ঢাকায় নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কুমার রায় বাণিজ্য সম্প্রসারণে দুদেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের একযোগে কাজ করার আহ্বান জানান।