বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে ফরাসি বিনিয়োগ চান রাষ্ট্রপতি
হাইটেক পার্কসহ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে ফ্রান্সের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ ম্যাহা শুজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্রান্সের রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। আর রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
আবদুল হামিদকে উদ্ধৃত করে তিনি বলেন, ফ্রান্স বাংলাদেশের রপ্তানি পণ্যের উল্লেখযোগ্য গন্তব্যস্থল। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাড়াতে হবে।
করোনাভাইরাসের টিকা সংগ্রহে সহযোগিতা ও কোভ্যাক্সের মাধ্যমে ২০ লাখ টিকা উপহার দেওয়ায় ফরাসি সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়,সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান সেখানে ছিলেন।
