২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি ব্যবসায়ীদের নিয়ে যৌথ চেম্বার আইনি ভিত্তি পাচ্ছে

বিদেশি ব্যবসায়ীদের নিয়ে দেশে যৌথ বাণিজ্য সংগঠন তৈরির সুযোগ রেখে নতুন ‘বাণিজ্য সংগঠন আইন’ করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 09:29 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

এ আইন হলে প্রতিটি জেলায় নারী উদ্যোক্তাদের জন্য আলাদা চেম্বার গঠনের সুযোগ তৈরি হবে।পাশাপাশি তারা জেলা চেম্বারেও সদস্য হতে পারবেন। 

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য সংগঠন আইন-২০২১ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ১৯৬১ সালের ‘ট্রেড অর্ডিনেন্স’ রহিত ও সংস্কার করে এ আইন হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, এ আইনে ৩২টি ধারা থাকবে।

“বাণিজ্য সংগঠনে নারী উদ্যোক্তদের লাইসেন্সের মাধ্যমে সদস্য হওয়ার আইনি ভিত্তির বিধান রাখা হয়েছে। বাংলাদেশের সাথে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন কোনো দেশ বা অঞ্চলে ব্যবসা শিল্প বা বাণিজ্য ও সেবা খাতে প্রতিনিধিত্ব করার জন্য যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং একাধিক যৌথ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে গঠিত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের বিধান রাখা হয়েছে। অন্য দেশ থেকে আমাদের দেশে এসেও তারা (বিদেশি ব্যবসায়ীরা) একটি জয়েন্ট চেম্বার করতে পারবে।”

দেশে খাতভিত্তিক ও পণ্যভিত্তিক চেম্বারের পাশাপাশি দেশ-বিদেশি যৌথ চেম্বারও রয়েছে। ৩৪টি জেলায় মূল চেম্বারের পাশাপাশি নারী উদ্যোক্তাদের পৃথক চেম্বার রয়েছে। আবার কোনো কোনো খাতে রয়েছে একাধিক চেম্বার। নতুন এই আইন সংসদে পাস হলে এসব চেম্বার আইনি ভিত্তি পাবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নারীদের জন্য আলাদা চেম্বারের ব্যবস্থা রাখা হয়েছে। তারা মূল চেম্বারের সদস্য হতে পারবে, আবার শুধু নারী উদ্যোক্তাদের সংগঠিত করার জন্য আলাদা চেম্বারও করতে পারবে।

“যেমন ঢাকায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ রয়েছে, আবার মেট্রোপলিটন চেম্বারও রয়েছে। নারীরা যেহতু এখনো পর্যন্ত সেই অর্থে উদ্যোক্তা হিসেবে প্রমিনেন্ট হননি, সেজন্য তাদের কিছু প্রেফারেন্স দিতে আলাদা চেম্বারের কথা বলা হয়েছে।”

সচিব বলেন, নারীদের চেম্বারে যারা সভাপতি বা সেক্রেটারি হবেন, তারা মূল চেম্বারে বোর্ড মেম্বার হবেন।

“দে ইউল বি গাইডেড বাই এফবিসিসিআই। সব জেলায় মহিলা চেম্বার নেই, ৩৪টি জেলায় আছে। যেখানে হয়ত কমফরটেবল সিনারিও নেই, সেখানে হবে না। কিন্তু প্রভিশনটা রেখে দেওয়া হয়েছে। এটার জন্য একটি লাইসেন্স নিতে হবে এবং ফিও দিতে হবে। সেন্ট্রাল যে চেম্বার থাকবে তার সাথে তাদের লিংক থাকবে।”