২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনে সচেতনতা: জেলায় জেলায় বিকাশের পথনাটক

লেনদেনে প্রতারণার ঝুঁকি এড়াতে জেলায় জেলায় সচেতনতামূলক পথ নাটক প্রদর্শন করছে মোবাইলে আর্থিক লেনদেন সেবাদাতা কোম্পানি বিকাশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 08:24 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

প্রলোভনে ফেলে, ভয় দেখিয়ে বা অন্য কোনো কৌশলে প্রতারক পিন বা ওটিপি জানতে চাইলে তখনই থামিয়ে দেওয়ার বিষয়টিকে প্রতীকীভাবে তুলে ধরে এ পথনাটক তৈরি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

সচেতনতামূলক এ কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে আট জেলা- শেরপুর, নাটোর, লক্ষীপুর, লালমনিরহাট, বাগেরহাট, পিরোজপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারের জনসমাগম স্থলে এ পথনাটক প্রদর্শন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিকাশ জানায়, প্রতিটি প্রদর্শনীতে বিপুল সংখ্যক সাধারণ দর্শকের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পথনাটকটি উপভোগ করেন।

বছরব্যাপী এ কার্যক্রমের অংশ হিসেবে আগামী মাস থেকে অন্যান্য জেলায় প্রদর্শন করা হবে।

পথ নাটকে সরকারের বিভিন্ন ভাতা, স্কুল শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা গ্রহণের পর দুজন অভিভাবকের কাছে আসা অপরিচিত ফোনের আলাপচারিতার মধ্য দিয়ে প্রতারণা প্রতিরোধের বিষয়টি তুলে ধরা হয়।

কোন অবস্থাতেই বিকাশ অ্যাকাউন্টের পিন ও ওটিপি কাউকে জানানো যাবে না- বিষয়টিকে মূল প্রতিপাদ্য করে পথনাটকটি হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পথনাটকের পাশাপাশি, শিক্ষক ও অভিভাবকদের মোবাইলে আর্থিক সেবা ব্যবহারে সচেতনতা বাড়াতে লালমনিরহাটের কালীগঞ্জে, মৌলভীবাজারের কুলাউড়ায় ও বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন স্কুলে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মত বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ প্রসঙ্গে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, “মোবাইলভিত্তিক এ সেবার সর্বোচ্চ সুফল পেতে সচেতনতার বিকল্প নেই। আর্থিক সেবা খাতে প্রতারণা রোধ ও গ্রাহকদের লেনদেনের সুরক্ষা দিতে বিকাশ প্রথম থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নানাবিধ সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

“এমনিভাবে আরও সৃজনশীল ও আকর্ষণীয় উপায়ে সচেতনতামূলক কার্যক্রমকে চলমান রাখবে বিকাশ।”