২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান স্টপ সার্ভিসেও সেবা মিলছে না, হতাশ বিডা চেয়ারম্যান

বিনিয়োগকারীদের ঝঞ্ঝাট এড়াতে সব সেবা এক স্থান থেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তাতেও আশানুরূপ সেবা না মেলায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 05:34 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে ওয়ান স্টপ সার্ভিস চালু করাকে বড় বিজ্ঞাপন হিসেবে দেখানো হলেও তার মধ্যেই বিডা চেয়ারম্যানের হতাশা প্রকাশ পেল।

রোববার এক অনুষ্ঠানে সিরাজুল বলেন, বিডার ওয়ান স্টপ সেবায় (ওএসএস) ১৫টি সরকারি সংস্থা যুক্ত হলেও এর অধিকাংশই প্রতিশ্রুতি অনুযায়ী অনলাইনে চাহিদামতো সেবা দিচ্ছে না।

সরকারি পাঁচটি সংস্থার পাঁচটি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে সমন্বয় ও সংস্কার আনার প্রয়োজনের কথাও বলেন তিনি।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ার পর থেকে এখন অবধি ১৬টি প্রতিষ্ঠান বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত ৫১টি সেবা দিতে  প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর সঙ্গে নতুন দুটি প্রতিষ্ঠানের দুটি সেবাসহ মোট পাঁচ প্রতিষ্ঠানের পাঁচটি সেবা যুক্ত হয়েছে। সব মিলিয়ে বিডা থেকে এখন পাওয়া যাচ্ছে ১৮টি প্রতিষ্ঠানের ৫৭টি সেবা।

রোববার নতুন পাঁচ সেবার উদ্বোধন অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান বলেন, “বিডার কাজ নিয়ে আমরা একদিকে যেমন খুশি, অন্যদিকে এখানে অনেক ডিজএপয়েন্টেড হওয়ার মতো ব্যাপারও রয়েছে।

“বিডা ছাড়াও ১৫টি সরকারি সংস্থা সেবা দেওয়ার জন্য যুক্ত হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের এনআইডি শাখা ও সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্টে সিস্টেম ছাড়া অন্য কোনো সেবা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। ছয়টি সংস্থা রয়েছে, যাদের কোনো সেবাই এপর্যন্ত পাওয়া যায়নি।”

“এসব অভিজ্ঞতা থেকেই বলছি যে সরকারি-বেসরকারি সব মহলের ইতিবাচক মনোভাব থাকলেই কেবল এধরনের সেবা উদ্যোগ এগিয়ে নেওয়া যায়, ইজি অব ডুয়িং বিজনেসে ভালো করা যায়,” বলেন তিনি।

রোববার একমাত্র বেসরকারি সংস্থা হিসাবে কান্ট্রি অব অরিজিন সনদ দেওয়ার সেবা নিয়ে বিডার সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রিজ।

এদিন নতুন করে যুক্ত হওয়া অন্য সেবাগুলো হচ্ছে বিডার তৃতীয় এডহক আইআরসির সুপারিশ প্রদান, এনবিআরের বিদেশি নাগরিকদের আয়কর সনদ প্রদান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে রপ্তানি নিবন্ধন সনদ প্রদান এবং চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স প্রদান।

এনবিআরের প্রসঙ্গ টেনে সিরাজুল বলেন, “আগে থেকেই এনবিআরের দুটি সার্ভিস যুক্ত আছে। আজকে আরেকটি সার্ভিস যুক্ত হল। কিন্তু  এনবিআরের সেবা পাওয়া যাচ্ছে না।”

এসব ব্যর্থতার পাশাপাশি সাফল্যের খবর দিয়ে বিডা চেয়ারম্যান বলেন, “গত বছর এই সময়ে বিডায় গড়ে ৫০টি করে সেবা নেওয়ার আবেদন পড়ত। আজকে এক বছরের মাথায় ১০০টিরও বেশি আবেদন পড়েছে।

“বিডা থেকে ১৭টি সেবা দেওয়া হয় অনলাইন ওএসএসে। এর অধিকাংশই দিনের আবেদন দিনে পূরণ করা হয়। এর বাইরে দুচারটি বিষয় রয়েছে যেগুলো বিডার বোর্ড বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। এগুলোর ক্ষেত্র কয়েক সপ্তাহ সময় লেগে যায়। বিডার প্রায় ৯০ ভাগ কাজ ওএসএস থেকে যাচ্ছে।”

ওয়ান স্টপ সার্ভিসের কার্যতালিকায় সংস্কার আনার সুপারিশ জানিয়ে সিরাজুল বলেন, “গত দুই বছরে বিডার ওয়ান স্টপ সার্ভিসের অনেকগুলোতেই বিনিয়োগকারীদের আগ্রহ কম দেখেছি। যেই সেই সেবায় আগ্রহ কম, সেগুলো আর রেখে লাভ কী? আমার মনে হয়, এসব নিয়ে আলোচনার সময় এসেছে।

“একই সেবা একাধিক সরকারি সংস্থার অনলাইন উদ্যোগ থেকে দেওয়া হয়। তাহলে লাভ কী হল? ওয়ান স্টপ তো চালু করা হয়েছিল কাজ সংক্ষেপ করার জন্য।”