২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএল টিউবওয়েলের ৪০ বছর উদযাপন

টিউবওয়েল উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করা রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) এখন অনেক পণ্যের পরিচিত এক প্রতিষ্ঠান, যা ৪০ বছর অতিক্রম করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 08:10 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আরএফএল টিউবওয়েলের পরিবেশকদের সম্মাননা দিয়ে এ মাইলফলক উদযাপন করে প্রাণ-আরএফএল গ্রুপ।

অনুষ্ঠানে আরএফএল টিউবওয়েলের ৪০ বছর পূর্তিতে দেশের বিভিন্ন দুর্গম ও চর এলাকার ৪০টি গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার ঘোষণা দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।

এসময় তিনি বলেন, “আজ থেকে ৪০ বছর আগে আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরী তার সামরিক জীবনের সফল সমাপ্তি শেষে ব্যবসা ও জনকল্যাণের উদ্দেশ্যে একটি শিল্পের যাত্রা শুরু করেছিলেন টিউবওয়েল উৎপাদনের মধ্য দিয়ে। ১৯৮১ সালের দিকে সুপেয় পানির অভাবের কথা চিন্তা মানুষের কল্যাণের জন্য তিনি টিউবওয়েলকে পণ্য হিসাবে বেছে নেন।

“বাংলাদেশে খুব কম পণ্যই রয়েছে যেগুলো সূচনা লগ্ন থেকে টানা ৪০ বছর বাজারে নেতৃত্ব দিয়ে আসছে। পরবর্তী সময়ে আরএফএলের যেসব নতুন নতুন পণ্য এসেছে তা টিউবওয়েলের সুনামের কারণেই সহজে বাজার ধরতে পেরেছিল।“

ভোক্তারা সঙ্গে ছিল বলেই এতদূর আসা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরএফএল টিউবওয়েলের বিজনেস ইনচার্জ আব্দুল কুদ্দুস মিয়া বলেন, টিউবওয়েল নামটা উচ্চারণ করলে সবার মাথায় আরএফএল টিউবওয়েল নামটাই চলে আসে। বাজারে পণ্যের ব্যাপক উপস্থিতি, সাশ্রয়ী দাম ও গুণগত মানে সেরা হওয়ার কারণে আরএফএল টিউবওয়েল দেশের এক নস্বরে ব্র্যান্ডে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে আরএফএলের সেরা ১০ জন টিউবওয়েল পরিবেশককে বিশেষ সম্মাননা ও পুরষ্কার দেওয়া হয়।

আরএফএল এর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার বিজয় ইসলাম আরিফ, অপারেশন ইনচার্জ তাইবুর রহমান, হেড অব সেলস এনামুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।