২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়োমেট্রিক কর্মী ডেটাবেইজের জন্য পুরস্কার পেল বিজিএমইএ

পোশাক কর্মীদের বায়োমেট্রিক ডেটাবেইজ তৈরির জন্য ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 11:41 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

গত শনিবার ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ডব্লিউসিআইটি ২০২১ এ এই পুরস্কার দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

বিজিএমইএর পরিচালক রাজীব চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন ডব্লিউআইটিএসএ এশিয়া প্যাসিফিকের ভাইস চেয়ারম্যান শহীদ-উল-মুনির।

ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) হল বিশ্বব্যাপী ডিজিটাল প্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় স্বীকৃত একটি প্ল্যাটফর্ম, যেখানে ৮০টিরও বেশি দেশ ও অর্থনীতির সদস্য যুক্ত রয়েছে। এসব দেশ বিশ্বের আইসিটি বাজারের ৯০ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করে।

ডব্লিউআইটিএসএ অ্যাওয়ার্ডগুলো ২০২১ সালে প্রযুক্তি বিশ্বে গুরুত্বপূর্ণ অবদানগুলোর স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।

বিজিএমইএ ২০১৩ সালে পোশাককর্মীদের জন্য একটি বায়োমেট্রিক ডেটাবেইজ তৈরির উদ্যোগ নেয়।

বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ওয়ার্কার ডাটাবেইস) স্থানীয় ও ক্লাউড সার্ভার ডেটাবেইজে কর্মসংস্থান এবং পরিচয় সম্পর্কিত তথ্যসহ শ্রমিকদের রেকর্ড সংরক্ষণ করে।

বিজিএমইএর আড়াই হাজার সদস্য কারখানায় প্রতিদিনই ৪০ লাখেরও বেশি কর্মীর জন্য সফটওয়্যারটি এখন ব্যবহৃত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

টাইগার আইটি বাংলাদেশ ও সিস্টেক ডিজিটাল এ বিশেষ সফটওয়্যার সিস্টেমটি ডেভলপ, ইনস্টল, প্রশিক্ষণ এবং রক্ষনাবেক্ষণে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।

বিজিএমইএ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় ‘ডিজিটাল রিপোজিটরি অব আরএমজি ওয়ার্কার্স’ শীর্ষক যৌথ প্রকল্প গ্রহণ করে রপ্তানিমুখী পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করেছে।

যুক্তরাজ্যের এমপিদের সমর্থন চাইলেন বিজিএমইএ সভাপতি

বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্যের সংসদ সদস্য রুশনারা আলী ও রুপা হক এমপির সঙ্গে দেখা করে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের পরও যুক্তরাজ্যের বাজরে বাংলাদেশি পোশাক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়ার বিষয়ে তাদের সমর্থন চাইলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

শনিবার এক বৈঠকে তিনি এ সমর্থন চান।

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, শুল্ক ব্যবস্থায় সম্ভাব্য পরিবর্তন এবং এলডিসি পরবর্তী যুগে কীভাবে যুক্তরাজ্যের বাজারে প্রশোধিকার ধরে রাখতে পারে, সে বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন বলে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিজিএমইএ।