বাস না চললেও ব্যাংকের নিয়োগ পরীক্ষা চলবে
ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন মালিকরা বাস চালানো বন্ধের ঘোষণা দিলেও শুক্রবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ পরীক্ষা হবে।
শুক্রবার ঢাকার ৬৫টি কেন্দ্রে প্রায় ২০ হাজার পরীক্ষার্থীর রাষ্ট্রায়ত্ত ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার নিয়োগের পরীক্ষায় অংশ নেওয়ার কথা। বিকাল ৩টায় এক ঘণ্টার এই পরীক্ষা শুরু হবে।
এদিকে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সরকার নেওয়ার পর তার প্রতিবাদে পরিবহন মালিকরা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক চালানো বন্ধের ঘোষণা দিয়েছে।
এই পরিস্থিতিতে পরীক্ষা শুক্রবার হবে কি না, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগেই সময় দিয়েছিলাম। আমাদের পরীক্ষা সময় মতোই হবে।”
গত ১৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংক ৭৭১টি সিনিয়র অফিসার পদের জন্য ৫ নভেম্বর পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করেছিল।
