দেশেই হল ড্রিমলাইনারের ‘সি-চেক’, বাঁচল ৬ লাখ ডলার
প্রথমবারের মত নিজস্ব জনবল ও ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনারের ‘সি-চেক’ দেশেই করতে পারায় ছয় লাখ ডলার সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
রোববার বিমানের প্রধান কার্যালয় বলাকায় ড্রিমলাইনারের ‘সফল সি-চেক সমাপনী’ এবং কোভিড-১৯ মহামারীর শুরুর দিকে চীনের উহান শহরে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে ফ্লাইট পরিচালনাকারী বিমান ক্রুদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মাহবুব আলী বলেন, “বিমানের দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ানদের মাধ্যমে এই প্রথমবার সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজের সি-চেক দেশেই সফলভাবে সম্পন্ন হওয়ায় বিমানের আর্থিক সাশ্রয় হয়েছে ছয় লাখ ডলার।
“এ বছর আরও একটি ও আগামী বছরে আরও চারটি ড্রিমলাইনারের সি-চেক দেশেই সম্পন্ন হবে। তাই, আরও তিন থেকে চার মিলিয়ন ডলারের সাশ্রয় হবে বিমানের।”
সব ধরনের উড়োজাহাজেরই বিভিন্ন মেয়াদে রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। এর মধ্যে ড্রিমলাইনারের সি চেক করতে হয় ২০ থেকে ২৪ মাসের মধ্যে। উড়োজাহাজের বিভিন্ন অংশ খুলে পরীক্ষা করে দেখতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগে। কাজটি বেশ জটিল হওয়ায় সব দেশের সে সক্ষমতা থাকে না।
গত ১৭ অগাস্ট বিমান বহরেরর বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘আকাশবীণা’র প্রথম সি-চেক কার্যক্রম শুরু করে ১০ দিনে তা শেষ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, “ভবিষ্যতে বিমানের বহরে থাকা অন্য উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সকল ধরনের চেক দেশেই সম্পন্ন করতে দক্ষ জনবল ও প্রকৌশল অবকাঠামো তৈরিতে বিমানকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।"
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
