২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ অ্যাপে আইডিএলসি’র সঞ্চয় প্রকল্প

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশের অ্যাপ ব্যবহার করে বিভিন্ন মেয়াদি সঞ্চয় সেবা চালু করেছে আইডিএলসি ফাইন্যান্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 09:24 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

সম্প্রতি আইডিএলসির প্রধান কার্যালয়ে আইডিএলসি’র সিইও এম জামাল উদ্দিন ও বিকাশের সিইও কামাল কাদির ‘ডিজিটাল সেভিংস সেবা’ নামের এই সেবা উদ্বোধন করেন।

আইডিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, আইডিএলসি ফাইন্যান্সের এই উদ্যোগের ফলে বিকাশ গ্রাহকরা এখন ক্ষুদ্র অঙ্কের এই মাসিক সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবে। প্রতি মাসের নির্ধারিত তারিখে সঞ্চয়ের কিস্তিও বিকাশ অ্যাপ থেকেই জমা দিতে পারবে এবং সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পরে মুনাফাসহ সব টাকা গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টেই পেয়ে যাবে।

এই সেবার আওতায় বিকাশ গ্রাহকরা বর্তমানে মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদে সরাসরি আইডিএলসি ফাইন্যান্সের সেভিংস প্রকল্প নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সেবা নিলে প্রতি মাসের নির্ধারিত তারিখে বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে আইডিএলসি’তে জমা হয়ে যাবে। অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স রাখার জন্য নির্ধারিত তারিখের আগে গ্রাহককে নোটিফিকেশন দেওয়া হবে।

গ্রাহকরা মোট জমার পরিমাণ, সঞ্চয়ের মেয়াদ, এবং মুনাফার পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য বিকাশ অ্যাপ থেকেই দেখতে পারবে।

সঞ্চয়ের যে কোনো পর্যায়ে টাকা তুলে নিতে চাইলে তাও বিকাশ অ্যাপের মাধ্যমেই করতে পারবে গ্রাহক।

এই বিষয়ে আইডিএলসি’র এমডি জামাল উদ্দিন বলেন, “প্রথাগত আর্থিক সেবা খাতের সাথে বিকাশের মতো এমএফএস সেবার মাধ্যমে গ্রাহকদের সংযুক্ত করায় উদাহরণ তৈরি করলো আইডিএলসি ফাইন্যান্স এবং বিকাশের এই যৌথ সেবা। ক্ষুদ্র সঞ্চয়ের মত সেবার এই সহজলভ্যতা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অর্থনৈতিক বিকাশেও ভূমিকা রাখবে।”

বিকাশের সিইও কামাল কাদির বলেন, “সারা দেশের কোটি কোটি মানুষের জীবনের অনুষঙ্গে পরিণত হওয়া বিকাশ আবারও প্রযুক্তিগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা পাওয়াকে আরও সহজলভ্য করল। সঞ্চয় প্রবণতাকে আরও উৎসাহিত করতে আইডিএলসি’র সঞ্চয় সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা ও স্বাধীনতা আনল।”