বিকেএমইএ পর্ষদের আকার বাড়ছে, নতুন পদ নির্বাহী সভাপতি
নির্বাহী সভাপতির পদ সৃষ্টিসহ তৈরি পোশাক রপ্তানিকারকদের অন্যতম সংগঠন বিকেএমইএর পরিচালনা পর্ষদের কলেবর বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছেন সাধারণ সদস্যরা।
শনিবার নারায়ণগঞ্জের চাষাড়ায় সমবায় ব্যাংক ভবনে সংগঠনটির বিশেষ সাধারণ সভা- ইজিএম ও বার্ষিক সাধারণ সভা- এজিএমে নতুন প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
উভয় সভায় বিকেএমইএর পরিচালনা পর্ষদের সদস্য আটজন বাড়িয়ে ২৭ থেকে ৩৫ জনে উন্নীত করা এবংএকটি নির্বাহী সভাপতির পদ সৃষ্টির পাশাপাশি একটি সহ-সভাপতি পদ বাড়ানোর প্রস্তাব করা হয়।
সংগঠনের সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইজিএম ও এজিএমে এসব প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পর্ষদের এই পরিবর্তন এখন বাণিজ্য মন্ত্রণালয় হয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে মেমোরেন্ডামে অন্তর্ভুক্ত হলেই এটি কার্যকর হবে।
সভায় আগামী ১২ নভেম্বর বিকেএমইএ নির্বাচনে (২০২১-২৩) সব নিট শিল্প মালিকদের একটি শক্তিশালী পর্ষদ গঠনের জন্য বর্তমান পর্ষদের নেতারা আহ্বান জানান।
উভয় সভায় সংগঠনের প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, দ্বিতীয় সহসভাপতি অমল পোদ্দার, সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক ফজলে শামীম এহসানসহ তিন শতাধিক সদস্য ও রপ্তানিকারকরা উপস্থিত ছিলেন।
