মহামারীর কারণে ঋণ পরিশোধে ছাড়
অর্থনীতির উপর করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধের ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আওতায় চলতি বছরে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাংকগুলোর যা পাওনা থাকবে, তার ২৫ শতাংশ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলেই হবে। বাকি ৭৫ শতাংশ পরের এক বছরের মধ্যে পরিশোধ করতে পারবে।
অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে কিস্তি পাবে, এর ২৫ শতাংশ ডিসেম্বর মাসের শেষ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।
যে ব্যবসা প্রতিষ্ঠান পুরো বছরের পাওনার ২৫ শতাংশ টাকা দিতে পারে, তাহলে ব্যাংক আর সেই ব্যবসা প্রতিষ্ঠানকে বিরূপমানে শ্রেণিকরণ করতে পারবে না।
বৃহস্পতিবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়েছে।
এ বিষয়ে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা খারাপ। তারা ব্যাংক থেকে নেওয়া টাকা ফেরত দিতে পারছে না। তা মাথায় রেখেই বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে আরও বেশি সময় দেওয়া দরকার ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ।
“এই ছাড়কে এক বারে তিন বা চার বছর করে দিলে ভালো হত। পরে বাংলাদেশ ব্যাংক আবার সময় বাড়াবে, তাতে ব্যাংকগুলোর সময় নষ্ট হবে।”
এবিবির সাবেক সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ব্যাংকগুলোর হিসাব খাতা এবং সম্পদ খারাপ হয়ে যাচ্ছে। সব কিছু বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক একটি ব্যালেন্সড সিদ্ধান্ত নিয়েছে। যাতে ব্যবসাগুলো বাঁচে এবং ব্যাংকগুলো বেঁচে যায়।”
বাংলাদেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বাঁচাতে নানা ছাড় দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক।
