গুলশানে বিজিএমইএর ‘মিডিয়া লাউঞ্জ’
গণমাধ্যমকর্মীদের সঙ্গে ‘নিরবচ্ছিন্ন তথ্য বিনিময়ের লক্ষ্যে’ পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর গুলশানের কার্যালয়ে ‘পিআর অ্যান্ড মিডিয়া লাউঞ্জ’ খোলা হয়েছে।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বৃহস্পতিবার এই লাউঞ্জের উদ্বোধন করেন।
বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাংবাদিকরা যেন তাদের প্রতিবেদনে পোশাক শিল্পের প্রকৃত তথ্য, শিল্পের যথাযথ চিত্র তুলে ধরতে পারেন এবং শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, সে লক্ষ্যে শিল্প ও গণমাধ্যমের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলার প্রয়াসের অংশ হিসেবে এই পিআর ও মিডিয়া লাউঞ্জ স্থাপন করা হয়েছে।”
বিজিএমইএ সভাপতি বলেন, ‘‘জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশের পোশাক শিল্প দেশি ও আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ মাধ্যমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে একটি একটি মর্যাদাজনক অবস্থান তৈরি করে নিয়েছে। আর এই অর্জনের পেছনে এদেশের গণমাধ্যমকর্মীদের বিশাল অবদান রয়েছে।
“আমরা আশা করি, সাংবাদিকরা শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ, বিশ্লেষণধর্মী এবং গঠনমূলক প্রতিবেদন তৈরি অব্যাহত রাখবেন। যে শিল্পটি লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে, সে শিল্প বিষয়ে প্রকৃত তথ্য উপস্থাপন ও সব বিভ্রান্তি দূর করে শিল্পের যথাযথ চিত্র তুলে ধরার জন্য আমরা গণমাধ্যমগুলোকে আহ্বান করছি।”
