১ সেপ্টেম্বর থেকে মাস্কাটে দৈনিক ইউএস-বাংলার ফ্লাইট
ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে এই রুটে প্রতিদিন ফ্লাইট চালানোর কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারলাইন্সটি।
এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারীর মধ্যে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে সরাসরি এবং রবি, বুধ ও শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে মাস্কাটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার মাস্কাট থেকে সরাসরি এবং সোম, বৃহস্পতি ও শনিবার মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে বলে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমান সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী ওমানী নাগরিক, যারা ওমানে স্থায়ীভাবে বসবাস করছেন, যাদের বৈধ ভিসা আছে এবং অ্যারাইভাল ভিসার যোগ্য যাত্রীরা ওমান ভ্রমণ করতে পারবেন।
ওমান সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী, ভ্রমণ করার ১৪ দিন আগে ১৮ বছরের অধিক বয়সের যাদের দুই ডোজ করোনার টিকা নেয়া আছে তারা সার্টিফিকেট নিয়ে ট্রাভেল করতে পারবেন। এছাড়া ভ্রমণ করার ৭২ ঘন্টার মধ্যে ১০ বছরের অধিক বয়সের যাত্রীদের কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
ভ্রমণ করার আগে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে কোয়ারেন্টিনে থাকতে হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
