কক্সবাজারে নভোএয়ারের প্রতিদিন ছয়টি ফ্লাইট
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ঢাকা-কক্সবাজার পথে প্রতিদিন ছয়টি ফ্লাইট চালাবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, শুক্রবার থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ছয়টি করে ফ্লাইট পরিচালনা করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা, সাড়ে ৯টায়, দুপুর ১২টা, দেড়টা, বিকাল ৩টা এবং ৪টা ২০ মিনিটে কক্সবাজার যাবে ফ্লাইট।
আর কক্সবাজার থেকে ঢাকার পথে উড়াল সকাল ১০টা ৫ মিনিট, ১১টা ৫ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, বিকাল ৩টা ৫ মিনিট, ৪টা ৩৫ মিনিট এবং বিকাল ৫টা ৫৫ মিনিটে।
এছাড়া কক্সবাজারে পথে জনপ্রতি সর্বনিম্ন এক হাজার ৯০০ টাকার ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে নভোএয়ার। দুই রাত তিন দিনের এই প্যাকেজে বিমান ভাড়া, হোটেল ভাড়া, বিমানবন্দর থেকে হোটেল যাওয়া-আসা, সকালের নাস্তার ব্যবস্থা রয়েছে।
কক্সবাজারের আটটি হোটেলে ২০টি বেসরকারি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা বিনা সুদে ছয় মাসের সহজ কিস্তিতে এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম, যশোর ও সৈয়দপুর রুটে ছয়টি এবং সিলেট, বরিশাল ও রাজশাহীতে দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে।
