২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার বাবল: ভারতে বিমানের ফ্লাইট রোববার থেকে

করোনাভাইরাস মহামারীর মধ্যে চার মাস বন্ধ থাকার পর ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় রোববার থেকে ভারতে ফ্লাইট চালানো শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 08:08 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার এবং ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট চলবে।

বিমানের যে কোনো সেলস অফিস, কল সেন্টার (০১৯৯০ ৯৯৭ ৯৯৭) এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাত্রীরা এ রুটের টিকেট সংগ্রহ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল নিয়ে আসতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু করেছিল বাংলাদেশ।

এরপর চলতি বছরের এপ্রিলে মহামারীর কারণে ভারতে বিপর্যস্ত অবস্থার কারণে বিশেষ ব্যবস্থার ওই বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় শুক্রবার থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল শুরু হচ্ছে।

এয়ার বাবল: ভারতের সঙ্গে ফ্লাইট চালু শুক্রবার