চট্টগ্রামের ৫ হাজার পরিবারকে জরুরি ত্রাণ দিল টি কে গ্রুপ
চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে স্থানীয় ৫ হাজার পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তা হস্তান্তর করেছে টি কে গ্রুপ।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি জানায়, চলমান কোভিড- ১৯ মহামারীতে সংকট মোকাবিলায় এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ কালাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে এই ত্রাণ হস্তান্তর করেন।
জেলা প্রশাসক বলেন, “এই উদ্যোগ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানকেও দেশের এই সংকটে এগিয়ে আসার ক্ষেত্রে আগ্রহী করে তুলবে।”
এর আগে টি কে গ্রুপ চট্টগ্রামের ৫টি কোভিড হাসপাতালে ২০টি ভেন্টিলেটরের পাশাপাশি চিকিৎসকসহ স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্য পিপিই, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে।
টি কে গ্রুপের পরিচালক তারিক আহমেদ, মোহাম্মদ মোফাচ্ছেল হক, নাসির উল্লাহসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
