২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনটিটিএন-আইআইজি সেবার মূল্যও বেঁধে দিল বিটিআরসি

গ্রাম থেকে শহর, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাসিক ফি নির্ধারণের পর এবার বেসরকারি নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবাদাতা (এনটিটিএন) এবং ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) ট্যারিফ বেঁধে করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 08:01 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

এই নতুন মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং এর ফলে সারাদেশে ‘এক দেশ এক রেট’ ব্রডব্যান্ড ইন্টারনেট বাস্তবায়ন আরও সহজ হবে বলে আশা করছে বিটিআরসি।

বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ভার্চুয়াল মাধ্যমে সেবাদাতাদের ট্যারিফ বা মূল্য নির্ধারণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, “এনটিটিএন ও আইআইজি সেবাদাতারা পারস্পরিক সমঝোতায় মূল্য নির্ধারণ করে আসছিল। মূল্য নির্ধারণের ফলে এখন থেকে নির্ধারিত দামেই তাদের এ সেবা দিতে হবে।” 

এর আগে গত জুন মাসে গ্রাম থেকে শহর, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাসিক ফি নির্ধারণ করে দিয়েছিল বিটিআরসি। কিন্তু আইআইজি ও এনটিটিএনের মূল্য নির্ধারণ না থাকায় সেটি বাস্তবায়নে সমস্যার কথা বলে আসছিল ইন্টারনেট সেবাদাতা আইএসপিগুলো।

সারাদেশে ব্রডব্যান্ডে ‘এক রেট’, ৫ এমবিপিএসের ফি মাসে ৫০০ টাকা  

মোস্তাফা জব্বার বলেন, “সবার মতামত নিয়েই এ মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আরও সহজলভ্য হবে এবং সেবার মান আরও বাড়বে। এ মূল্য নির্ধারণের ফলে এ খাতের ব্যবসায়ীদের ব্যবসা প্রসার হবে, কারণ এখানে সেবার মান বৃদ্ধির পাশাপাশি সুস্থ প্রতিযোগিতাও বাড়বে।”  

মোবাইল ফোন অপারেটরগুলোর জন্যও আইআইজি ও এনটিটিএন সেবামূল্য বেঁধে যাওয়া যায় কি না, তাও ভেবে দেখার কথা বলেন তিনি।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, “নির্ধারিত মূল্য বাস্তবায়ন করতে একটি মনিটরিং টিম বিটিআরসিতে থাকবে। কেউ যদি না মানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

বিটিআরসি মহাপরিচালক (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ ভার্চুয়াল মাধ্যমে মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে এনটিটিএন, আইআইজির মূল্যসেবা বেঁধে দেওয়ার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন মূল্য নির্ধারণের শর্তে আইআইজিগুলোর প্রতি জেলায় সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে আগামী ডিসেম্বরের মধ্যে, যাতে আইএসপিগুলো জেলা থেকে সংযোগ নিতে পারে।

এনটিটিএনগুলো কয়েকটি ধাপে সেবা দিয়ে থাকে। এলাকাভিত্তিক সেবা দেওয়ার ক্ষেত্রে এ মূল্য নির্ধারণ করে দিয়েছে বিটিআরসি। মেট্রো এলাকায় (৮টি বিভাগীয় শহর এবং সিটি কর্পোরেশন এলাকা) সর্বনিম্ন ১০ এমবিপিএস সেবার ক্ষেত্রে প্রতি এমবিপিএস মূল্যে ২০০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা, লংহল (বড় দূরত্বে যেমন ঢাকা থেকে চট্রগ্রাম) ৪০০ থেকে ৫০০ টাকা এবং পার্শ্ববর্তী জেলায় ২০০ থেকে ৩০০ টাকা।

এছাড়া সর্বোচ্চ ১০০ জিবিপিএস সেবার ক্ষেত্রে প্রতি এমবিপিএস মেট্রোতে ১৩ থেকে ১৪ টাকা, লংহল ২৫ থেকে ২৮ টাকা এবং পার্শ্ববর্তী জেলায় ১৩ থেকে ১৫ টাকা। সেবার দেওয়ার ক্ষেত্রে এনটিটিএনগুলোর ১৬টি ধাপে (সর্বনিম্ন ১০ এমবিপিএস এবং সর্বোচ্চ ১০০ জিবিপিএস) এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

আইআইজিগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন ৫০ থেকে ১০০ এমবিপিএস সেবার ক্ষেত্রে প্রতি এমবিপিএস ৩৬৫ থেকে ৩৯৯ টাকা এবং সর্বোচ্চ ১০০ জিবিপিএসের বেশি সেবার ক্ষেত্রে ৩৩০ থেকে ৪৫৫ টাকা প্রতি এমবিপিএস।

এক্ষেত্রেও মূল্য নির্ধারণে ১১টি ধাপ রয়েছে সেবা দেওয়ার ক্ষেত্রে।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, এনটিটিএন প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বক্তব্য রাখেন।