বিডার অনলাইন পোর্টালে যুক্ত হল আরও চারটি সেবা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে যুক্ত হয়েছে আরও চারটি সেবা।
বৃহস্পতিবার বিডার এক ভার্চুয়াল সভায় বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান এই চারটি সেবার উদ্বোধন করেন।
এর ফলে এখন থেকে বিনিয়োগকারীরা বিডা ওএসএস সার্ভিস পোর্টালে দ্রুত ও সহজে অনলাইনে ৫১টি সেবা পাবেন।
বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ সংযোগ প্রদান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নির্মাণ অনুমোদন ও বৃহদায়তন বা বিশেষ প্রকল্প ছাড়পত্র অনুমোদন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি নিবন্ধনপত্রের সংশোধনী প্রদানসহ মোট চারটি সেবা আনুষ্ঠানিকভাবে যুক্ত হল।
অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেন, “আজ বিডার ওএসএস পোর্টালে নতুন চারটি সেবা যুক্ত হওয়ায়, এখন বিনিয়োগকারীরা ঘরে বসেই আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন। যে নতুন চারটি সেবা যুক্ত হল, তার মধ্যে বিদ্যুৎ বিভাগের একটি সেবা রয়েছে।
“এখন থেকে বিনিয়োগকারীরা বিডার ওএসএস পোর্টালের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করতে পারবেন, যথাযথ কাগজপত্র প্রদানপূর্বক অনলাইনে আবেদন করার সাত দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।”
অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, “আমরা ইতিমধ্যে ১৫টি প্রতিষ্ঠানের ৪৭টি সেবা দিয়ে আসছিলাম। আজ আরও চারটি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে বিডা ওএসএস সার্ভিস পোর্টালে ১৬টি সংস্থার ৫১টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে।
“২০১৯ সালে বিডা ওএসএস পোর্টালে মাত্র দুইটি সেবা ছিল, কোভিড-১৯ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই দুই বছরে আমরা ওএসএস পোর্টালে ৫১টি বিনিয়োগ সেবা সংযুক্ত করতে পেরেছি, আমাদের এ সেবা চব্বিশ ঘণ্টা চলমান।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.), গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেমায়েত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, ফরেন ইনভেস্টর্স চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক নুরুল কবির প্রমুখ।
