২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শিল্প বিপ্লবের ওপর আন্তর্জাতিক সম্মেলন করবে ইউজিসি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ শিল্প বিপ্লবের ওপর আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 07:12 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্তের কথা জানায় ইউজিসি।

আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন অ্যান্ড বিয়ন্ড ২০২১’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনটি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এ সম্মেলন দেশে প্রযুক্তি শিক্ষার বিস্তার এবং চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে একটি ভালো অবস্থানে যেতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে ইউজিসি।

সম্মেলনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স অ্যান্ড অটোমেশন, ইন্টারনেট অফ থিংস অ্যান্ড স্মার্ট এগ্রিকালচার, ডাটা অ্যানালিটিক্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিং, কমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কস, সিগন্যাল অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে।

এই ছয় বিষয়ের ওপর লিখিত সেরা প্রবন্ধকে পুরস্কৃত করা হবে। এছাড়াও সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আইডিয়া কন্টেস্টেরও সুযোগ থাকবে।

সম্মেলনে নোবেল বিজয়ী, প্রথিতযশা বিজ্ঞানী, গবেষক, শিল্প উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

এ সম্মেলন আয়োজনের জন্য বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।

দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে সম্মেলনের সমাপনী অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অনুষ্ঠিত হবে।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, “আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের অগ্রগতি ছাড়া ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উৎকর্ষ সাধন করা প্রয়োজন।

“দেশের তথ্য ও প্রযুক্তি খাত এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়সমূহকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং এখন থেকেই উচ্চশিক্ষা ও গবেষণা খাতে নজর দিতে হবে।”

আন্তর্জাতিক এ সম্মেলনে স্টার্টআপ, সফটওয়্যার, সাইবার সিকিউরিটি, রোবটিক্সসহ ৪র্থ শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ উপাদানসমূহের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম, অধ্যাপক সাজ্জাদ হোসেন, অধ্যাপক মুহাম্মদ আলমগীর, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক আবু তাহের, বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান যুক্ত ছিলেন।