২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ ফ্লাইট চালাবে বিমানও

করোনাভাইরাস মহামারীর সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া বিধিনিষেধ শিথিল হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করবে বলে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2021, 09:05 PM

Updated : 07 Apr 2022, 11:21 PM

বিমানের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সুবিধার্থে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে। 

প্রতিদিন ঢাকা হতে চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, কক্সবাজারে ২টি, যশোরে ২টি, সিলেটে ২টি, রাজশাহীতে একটি এবং বরিশালে একটি করে ফ্লাইট চালানো হবে বলেও জানান তিনি।

করোনাভাইরাস মহামারীর সংক্রমণ শুরু হওয়ার পর গত বছর মার্চে দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল স্থগিত করে বেবিচক। অবশ্য জুলাই থেকে ধীরে ধীরে খুলতে শুরু করে আকাশপথ।

চলতি বছর সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলে সরকার ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করে। ওই বন্ধ করা হয় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও। তবে ২১ এপ্রিল থেকে আবারও সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক।

তবে সরকার ঘোষিত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।

সরকারের দেয়া বিধিনিষেধ শিথিল হলে মঙ্গলবার সন্ধ্যায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর‌্যন্ত শিথিল করা হয়েছে জানিয়ে প্রজ্ঞাপন জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ(বেবিচক)।

তবে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৩ জুলাই থেকে ৫ অগাস্ট পর‌্যন্ত আবারও সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।    

এরই মধ্যে অভ্যন্তরীণ রুটে আবারও নিয়মিত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার।