কারিগরি শিক্ষা ও মাদ্রাসার অনুদান পৌঁছে দেবে ‘নগদ’
কোভিড-১৯ মহামারীতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য সহায়তার অর্থ ‘নগদ’ এর মাধ্যমে বিতরণ করবে সরকার।
আট হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী এবং ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানে আগামী কয়েক দিনের মধ্যে সরকারি সহায়তা হিসেবে পাঁচ কোটি টাকা পৌঁছে দেবে ‘নগদ’।
সোমবার সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং নগদ এই বিষয়ে একটি চুক্তি করেছে বলে জানিয়েছে ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, চুক্তিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান এবং নগদ এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম সই করেন।
অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সাবিনা ইয়াসমিন এবং নগদ এর হেড অব গভর্নমেন্ট সেলস মান্নাফ পরাগ উপস্থিত ছিলেন।
নগদের মাধ্যমে নির্বাচিত ৩০০ শিক্ষা প্রতিষ্ঠানকে ৭৫ লাখ টাকা দেবে সরকার। এছাড়া ৫০০ জন শিক্ষক-কর্মচারী মোট ৫০ লাখ টাকা এবং ৭ হাজার ৫৩৬ জন শিক্ষার্থীকে ৩ কোটি ৭৫ লাখ টাকা দেওয়া হবে।
সরকারি এই সহায়তা ক্যাশ আউটের জন্য যে খরচ হবে সেটি সুবিধাভোগীকে পাঠানো অঙ্কের সঙ্গে যোগ করে পাঠানো হবে। অর্থাৎ এই সহায়তার অর্থ ক্যাশ আউটে কোনো খরচ লাগবে না।
চুক্তির বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে নগদ একের পর এক সরকারি ভাতা বিতরণ করে আর্থিক খাতের ডিজিটালাইজেশনকে ত্বরান্বিত করেছে।
নগদ এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, “আপদকালীন সময়ে করোনাভাইরাস সহায়তার অংশ হিসেবে সরকার শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের যেভাবে পাশে দাঁড়িয়েছে আমরা সেখানে অংশ নিতে পেরে গর্বিত। নগদ মানুষের সেবার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।“
