এনআরবিসি ব্যাংকের সাড়ে ১২% লভ্যাংশ অনুমোদন
এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২০ সালের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এরমধ্যে নগদ লভ্যাংশ সাড়ে ৭ শতাংশ এবং স্টক ডিভিডেন্ট ৫ শতাংশ।
ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়াসহ সব পরিচালক, উদ্যোক্তাসহ শেয়ারহোল্ডাররা অংশ নেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসানও অংশ নিয়েছেন বলে জানিয়েছে ব্যাংকটি।
সভায় গত বছরের আর্থিক প্রতিবেদন, চারজন পরিচালক পুনর্নির্বাচনসহ সব আলোচ্যসূচি অনুমোদন করা হয়েছে।
সভায় জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও এনআরবিসি ব্যাংকের আর্থিক সূচকগুলোতে অগ্রগতি হয়েছে।
ব্যাংকের আমানত ৭ হাজার ১৮৫ কোটি টাকা থেকে সাড়ে ২৫ শতাংশ বেড়ে ২০২০ সালের ডিসেম্বরে দাঁড়িয়েছে ৯ হাজার ১৭ কোটি টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঋণ দেওযার পরিমাণ বেড়েছে ২০ দশমিক ৬৭ শতাংশ। গত বছর শেষ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৪৮৩ কোটি টাকা। আগের বছর যা ছিল ৬ হাজার ২০১ কোটি টাকা।
এই সময়ে নিট মুনাফা ১১৪ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৩৪ কোটি টাকা। শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ৩১ পয়সা। ব্যাংকটির খেলাপি ঋণের হার মাত্র ২ দশমিক ৯৩ শতাংশ।
১২ দশমিক ৫২ শতাংশ মূলধন সংরক্ষণ করে আর্থিক শক্তিমত্তার পরিচয় দিয়েছে ব্যাংকটি বলে
এজিএমে জানানো হয়।
আরও বলা হয়, জনগণের টাকা জনগণের কাছে সহজ প্রক্রিয়ায় ঋণ দিচ্ছে এনআরবিসি ব্যাংক। এই লক্ষ্যে চালু করা হয়েছে মাইক্রোক্রেডিট স্কিম। পার্টনারশিপ ব্যাংকিংয়ের এই স্কিমের আওতায় আগামী এক বছরে ১ লাখ প্রান্তিক পর্যায়ের মানুষকে ঋণ দেওয়া হবে।
এই ঋণের অর্থ বিনিয়োগ করে তারা নিজেদের কাজের ব্যবস্থা করে স্বনির্ভর হতে পারবেন বলে আশা ব্যাংকটির।
সভায় চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, “এনআরবিসি ব্যাংক শুধু লাভজনক নয়, এটি সেবামূলক প্রতিষ্ঠানও। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যাংকটি কাজ করছে।
সম্প্রতি ব্যাংকটি ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করেছে যার উদ্দেশ্য প্রান্তিক পর্যায়ের অন্তত ১ লাখ মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলা।“
সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে সাকিব আল হাসান বলেন, “এনআরবিসি ব্যাংকে বিনিয়োগ করে আমরা সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হয়েছি। এই ব্যাংকের পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষ ও সফল প্রবাসী উদ্যোক্তারা। সঠিকভাবে পরিচালনার কারণে খেলাপি ঋণ অনেক কম। আমরা প্রত্যাশা করি ব্যাংকটি আরও ভালো করবে। বিনিয়োগকারীরা লাভবান হবেন।”
চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকের শাখা দাঁড়িয়েছে ৮৩, উপশাখা রয়েছে ৪৫০টি।
