ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় প্রচারে জোর বাণিজ্যমন্ত্রীর
ভোক্তার অধিকার আদায়ে প্রচার আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেছেন, “ভোক্তাদের অধিকার আদায় মনিটরিং করে শুধু জরিমানা করে শেষ করা যাবে না, এ জন্য ব্যাপকভাবে প্রচার প্রচারণার দরকার আছে। এই প্রচারণার মাধ্যমে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে।”
রোববার ভোক্তা অধিকার সংগঠন ক্যাব’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্যমন্ত্রী।
টিপু মুনশি। ফাইল ছবি
সরকার ব্যবসাবান্ধব হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের খাদ্য অধিকার যেন নিশ্চিত হয়, সে বিষয়েও সতর্ক বলে মন্তব্য করেন তিনি।
“কাউকে মনোপলি ব্যবসা করতে দেওয়া হবে না, ইচ্ছামতো দাম বাড়ানো যাবে না। এ জন্য প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতি বিরাজমান রাখতে হবে। মানুষও ন্যায্য দামে পণ্য পাবে।”
ক্যাব সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক বাবলু কুমার সাহাও বক্তব্য রাখেন।
ক্যাব সদস্য ও ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন ক্যাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া।
টিপু মুনশি বলেন, “ভোক্তারা যেন কোনো অসাধু ব্যবসায়ীর কবলে না পড়ে, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং এক সঙ্গে কাজ করতে হবে।”
ক্যাব সভাপতি গোলাম রহমান দেশে চলমান মহামারী থেকে বের হয়ে স্বাভাবিক পরিস্থিতির দিকে যেতে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনার পরামর্শ দেন সরকারের কাছে।
এসময় তিনি ভোক্তার অধিকার আদায়ে আমরা একটি আলাদা মন্ত্রণালয় করার দাবি জানিয়ে বলেন, “প্রতিবেশী ভারতে ১৯৯৭ সালেই একটি মন্ত্রণালয় গঠন করে ভোক্তার অধিকার সংরক্ষণ করছে। আমাদেরও ভোক্তার অধিকার সংরক্ষণে আলাদা মন্ত্রণালয় দরকার।”
সরকার ভোক্তাদের জন্য বেশ কিছু উদ্যোগ নিলেও তা প্রয়োজনের তুলনায় কম মন্তব্য করে তিনি বলেন, “ফলে প্রান্তিক মানুষ কোনো সুবিধা পাচ্ছে না। মহামারীর মধ্যেও ধনী আরও ধনী হচ্ছে, আর গরিব আরও গরিব হচ্ছে।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধে চাল, তেল, চিনি, ডালসহ সব নিত্যপণ্য অন্তত কোভিড-১৯ মহামারীর আগের অবস্থায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।
বাজারে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে একটি ‘প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড’ তৈরির সুপারিশও করা হয় সরকারের কাছে।
ভোক্তার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের কৃষকদের কাছে উন্নত বীজ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ধানকাটার পরপরই কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে তা কিনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাব।
পচনশীল খাদ্যপণ্য সংরক্ষণের জন্য সরকারকে প্রয়োজনীয় হিমাগার নির্মাণেরও পরামর্শ দেওয়া হয়।
