আম পরিবহনে এবারও ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’
মহামারীকালে গত বছরের মত এবারও আম পরিবহনে বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
আগামী ২৭ মে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত থেকে ‘ম্যাংগো স্পেশাল’ নামে এই পার্সেল ট্রেনের উদ্বোধন করবেন বলে রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গতবারের মত এবারও ম্যাংগো স্পেশাল-১ ও ২ নামে পার্সেল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা-রাজশাহী-ঢাকা-রহনপুর রুটে প্রতিদিন চলাচল করবে।
আমের সঙ্গে সব ধরনের শাকসবজি, ফলমূল, ডিমসহ নানা কৃষিপণ্য, এবং রেলওয়ের আইনে পার্সেল হিসেবে বহনযোগ্য সব সামগ্রী বহন করা যাবে বলে জানান সাহাদাত।
ছবি: ফেইসবুক থেকে নেওয়া
রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার আগে যে কেউ তাদের মালামাল বুকিং দিতে পারবেন।
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ ২৩ মে মধ্যরাত পর্যন্ত রয়েছে। ট্রেন ও লঞ্চ এবং আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
ছবি: ফেইসবুক থেকে নেওয়া
বিধিনিষেধে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও মাল পরিবহন ট্রেন চলাচল করছে।
