কারওয়ান বাজারের ৪ দোকানকে জরিমানা
রমজান মাসে পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে সরকারি বাজার পরিদর্শন দল।
বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার পরিদর্শন (মনিটরিং) দল শনিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা ঢাকার কারওয়ান বাজার ঘুরে দেখেন।
অভিযান শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান এই দাবি করেন।
পরিদর্শনকালে বাজার মনিটরিং দল বিভিন্ন অপরাধে চার দোকানকে প্রায় ১৩ হাজার টাকা জরিমানা করেন।
অতিরিক্ত সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান জানান, বাজার নিয়ন্ত্রণে ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের ১৬টি দল কাজ করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও মাঠে রয়েছে। পাশাপাশি সারাদেশে পরিদর্শন কার্যক্রম চলছে।
তিনি বলেন, “আমরা মনে করি বাজারটা আমাদের নিয়ন্ত্রণে আছে।
বেগুন ও শশা গত আট থেকে ১০ দিন আগে প্রায় ১০০ টাকা হয়ে গিয়েছিল। আমরা গত শনিবার একটি যৌথ মনিটরিং টিম মাঠে ছিলাম। এরপর বেগুন, শশা ও লেবুর দাম কমেছে। আজকে আমরা কম পেয়েছি।“
পরিদর্শনকারী দলটি প্রথমে কাওরান বাজার পেঁয়াজের বাজারে গিয়ে ক্রয় রশিদ দেখাতে না পারায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।
অতিরিক্ত সচিব বলেন, “পেঁয়াজের আড়তে গিয়ে দেখতে পেলাম একজন ব্যবসায়ী ২৫ টাকা কেজিতে ইন্ডিয়ান পেঁয়াজ কিনে ২৮ টাকা দামে বিক্রি করছেন। কিন্তু তিনি ক্রয় রশিদ দেখাতে পারলেন না। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমি শ্যাম বাজারে কথা বলে জানলাম রশিদ ছাড়া তারা পণ্য বিক্রি করেন না।”
এরপর পরিদর্শন দল কাঁচা বাজার ঘুরে মুরগির দোকানগুলোতে যান। সফিকুজ্জামান বলেন, “ মুরগির বাজার মোটিমুটি স্থিতিশীল আছে। আমরা দেখলাম মুরগির দাম গত ১০ দিন আগে যা ছিল, তার থেকে কমে এসেছে।”
পরিদর্শনকারী দলটি এরপর ফলের দোকানে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর বিক্রি এবং আমদানিকারকের নাম না থাকায় দুই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করে।
এ ছাড়া কিচেন মার্কেটে ক্রয় রশিদ দেখাতে না পারায় একটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শন দলটি পরে বনশ্রীর কাঁচাবাজারে যায়।
