২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ৩৮ বছর

দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে মঙ্গলবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2021, 05:57 PM

Updated : 07 Apr 2022, 10:55 PM

১৯৮৩ সালের এই দিনে যাত্রা শুরু করা এ ব্যাংকটি সময়ের বিবর্তনে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, গত দুই দশক ধরে আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি, রেমিট্যান্স আহরণসহ প্রায় সব ক্ষেত্রে দেশের ব্যাংকিং খাতে শীর্ষস্থানে রয়েছে তারা।

১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগদানের সূত্রে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এর প্রতিষ্ঠাতা সদস্য হয় বাংলাদেশ।

তারই ধারাবাহিকতায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগ ও কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে ১৯৮৩ সালে দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কার্যক্রম শুরু করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ১ কোটি ৬০ লাখ, যা দেশের মোট গ্রাহকের ১৪ শতাংশ। বর্তমানে ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবাগ্রহীতার সংখ্যাও দেশের ব্যাংকিং খাতে শীর্ষে।

সাধারণ বাণিজ্যিক ব্যংকিংয়ের পাশাপাশি মাইক্রোফিন্যান্স কার্যক্রম, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডিজিটাল অ্যাপভিত্তিক ব্যাংকিং পরিচালনা করছে এ ব্যাংক। এ ব্যাংকের বিনিয়োগের পরিমাণ ১ লাখ কোটি টাকার বেশি যা দেশের সর্বোচ্চ।

ইসলামী ব্যাংক বলছে, রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের ৩৬ শতাংশ এবং টেক্সটাইল খাতের ৬০ শতাংশ কারখানা গড়ে উঠেছে এ ব্যাংকের বিনিয়োগে।

প্রতিষ্ঠার পর থেকে এ ব্যাংক শুধু আমদানি বাণিজ্য করেছে ৪ লাখ ৭০ হাজার কোটি টাকার। আর ব্যাংকটির মাধ্যমে পণ্য রপ্তানি হয়েছে ২ লাখ ৯০ হাজার কোটি টাকার।

ব্যাংকিং চ্যানেলে দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের এক-তৃতীয়াংশ আসছে এ ব্যাংকের মাধ্যমে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৩৩ লাখ ৯০ হাজার কোটি টাকা রেমিটেন্স দেশে এনেছে ইসলামী ব্যাংক।