টেলিকমের ‘চ্যালেঞ্জ’ সম্পর্কে সরকার অবগত, সমাধানের চেষ্টা হচ্ছে: মন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, উন্নত টেলিকম সেবা নিশ্চিত করতে উচ্চ কর হারসহ প্রতিটি ‘চ্যালেঞ্জ’ সম্পর্কে সরকার অবগত আছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে এসব বিষয় সমাধানের চেষ্টা করা হচ্ছে।
সরকারের পাশাপাশি বেসরকারি মোবাইল অপারেটরগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মহামারী পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে মোবাইল টেলিযোগাযোগ শিল্পের বৈশ্বিক সংগঠন জিএসএমএ আয়োজিত ‘বাংলাদেশকে সংযুক্ত রাখা: কোভিড-১৯ মহামারীর সময় মোবাইল শিল্পের ভূমিকা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
অনুষ্ঠানে অপারেটরদের প্রধান নির্বাহীরা মহামারীকালে ও অন্যান্য সময়কালে সরকারের সহায়তার প্রশংসা করে টেলিকম খাতে নীতিমালা সংস্কার, তরঙ্গ মূল্য এবং উচ্চ কর হারের বিষয়গুলো তুলে ধরেন।
মোস্তাফা জব্বার বলেন, “উচ্চ কর হার সমস্যাসহ টেলিকম খাতের চ্যলেঞ্জ সম্পর্কে সরকার অবগত আছে এবং এ বিষয়ে দায়িত্ব নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে নিরসনের উপায় বের করা সম্ভব বলে মনে করি।”
তিনি বলেন, “বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতিতে অত্যন্ত দক্ষতার সাথে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা অব্যাহত রেখেছে। আমাদের কর্মীরা যেমন ঝুঁকি নিয়ে কাজ করেছে তেমনি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানসমূহ নেটওয়ার্ক সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য বেসরকারি অপারেটরগুলোকে ধন্যবাদ জানাই।”
দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, “দেশের কোনো মানুষই ডিজিটাল সংযুক্তির বাইরে থাকবে না। ইতোমধ্যে হাওর, চর, পাহাড়, দুর্গম অঞ্চল, উপকূলীয় অঞ্চল ও দ্বীপে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ স্থাপন করা হচ্ছে।
“মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২, তৃতীয় সাবমেরিন কেবল এবং ৫জি চালু করার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ফোর-জি সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে সম্প্রসারণের কাজ চলছে। টাওয়ার শেয়ারিং লাইসেন্স দেওয়ার ফলে মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণে অপারেটগুলোর জন্য বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে।”
ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন দেশে নেটওয়ার্ক সম্প্রসারণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “আগামী ২০২১ সালে নাগাদ প্রতিটি মানুষের দোরগোড়ায় উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
মোবাইল অপারেটর ও বিটিআরসির মধ্যে বিদ্যমান ‘চমৎকার সম্পর্ক’ আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
তিনি বলেন, “অপারেটরটা যেন তরঙ্গ নানা সেবায় ব্যবহার করতে পারে সে উদ্যোগের পাশাপাশি টেলিকম সেবায় নেটওয়ার্ক সম্প্রসারণে এবং উন্নত ও নিরাপদ ইন্টারনেট সেবার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
“ফাইবার অপটিক গাইড লাইন তৈরি করা এবং সেবার মান নির্ধারণে নীতিমালা বাস্তবায়নে আরও উদ্যোগ নেওয়া হবে।”
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “সাধারণ গ্রাহকদের জন্য ইন্টারনেট আরও সহজলভ্য করতে নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি রবি কোভিড-১৯ সময়ে ডেটার দাম ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে।”
মাহতাব বলেন, “যখন ইন্টারনেট সেবা সবার জন্য সহজলভ্য করতে অপারেটররা কাজ করছে, সে সময়ে চলতি বাজেটে ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক বৃদ্ধি আমাদের সে প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। সার্বিকভাবে এ সম্পূরক শুল্ক বৃদ্ধি সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধি করেছে।”
চলতি অর্থবছরের বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়ে যায়।
ইন্টারনেট ডেটা ব্যবহারে যে ধরনের প্রবৃদ্ধি হয়ে আসছিল চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি সে পর্যায়ে ছিল না জানিয়ে মাহতাব বলেন, “মানুষের জন্য ইন্টারনেট আরও সহজলভ্য করার জন্য বিভিন্ন পদক্ষেপ এখন উচ্চ কর হার, রেগুলেটরি নীতিমালা সংস্কার, তরঙ্গ মূল্য এবং এ ধরনের কিছু নীতিমালা সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে আটকে আছে। এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়া উচিৎ বলে আমরা মনে করি।”
জিএসএমএ’র এশিয়া-প্যাসিফিকের প্রধান জুলিয়ান গরমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) আঞ্চলিক পরিচালক আতসুকো ওকোদো, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, বাংলা লিংকের সিইও এরিক অস বক্তব্য রাখেন।
