ব্যবসায়ীদের বিচারে বড় প্রতিবন্ধকতা অদক্ষ প্রশাসন: সিপিডি
ব্যবসা করার ক্ষেত্রে ‘অদক্ষ সরকারি প্রশাসনকে’ দেশের ব্যবসায়ীরা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করেন বলে উঠে এসেছে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক জরিপে।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭২ শতাংশ উত্তরদাতা বলেছেন, প্রশাসনের অদক্ষতাই দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা।
এছাড়া উত্তরদাতা ব্যবসায়ীদের ৬৮ শতাংশ দুর্নীতিকে এবং ৬৬ শতাংশ অর্থায়নের সীমিত সুযোগকে ব্যবসার বড় সমস্যা হিসেবে দেখেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষে বৃহস্পতিবার ২০২০ সালের ‘গ্লোবাল কমপেটিটিভনেস রিপোর্ট’ এর প্রকাশ করে সিপিডি। সেই সঙ্গে তাদের নিজেদের করা ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ সমীক্ষা’ প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সেখানেই জরিপের ওই ফলাফল প্রকাশ করা হয়েছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিবছর যে গ্লোবাল কমপেটিটিভনেস ইনডেক্স বা প্রতিযোগিতার সক্ষমতা সূচক প্রকাশ করে, এবার কোভিড-১৯ মহামারীর কারণে তা করা হয়নি।
গতবছরের সূচকে বিশ্বের ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম। তার আগের বছর ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৩তম অবস্থানে।
সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম
তিনি বলেন, “বৈশ্বিক জরিপের প্রশ্নপত্রে না থাকলেও গুরুত্ব বিবেচনা করে এবারও আমরা সমীক্ষায় জানতে চেয়েছিলাম, বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কী। এই প্রশ্নের উত্তরেই অদক্ষ সরকারি প্রশাসনের বিষয়টি শীর্ষে উঠে আসে।”
আগের জরিপগুলোতে দুর্নীতি বা অপর্যাপ্ত অবকাঠামোকে বেশি দায়ী করা হলেও এবার ‘প্রশাসনিক অদক্ষতার’ বিষয়টি উত্তরের শীর্ষে চলে এসেছে বলে জানান মোয়াজ্জেম।
তিনি বলেন, “আগামী দিনে বাংলাদেশে ব্যবসার যে পরিবেশ দরকার বা যেদিকে যেতে চাচ্ছে, তার ওপর গুরুত্ব দিয়ে ব্যবসায়ীরা এ বিষয়টিকে গুরুত্ব দিতে চাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে।”
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মোয়াজ্জেম বলেন, “এর মানে হল- আমাদের এখানে ধীরে ধীরে ডিজিটাল সেবাগুলোর গুরুত্ব বাড়ছে, সেখানে প্রশাসনকে অবশ্যই দক্ষতার সঙ্গে সামলাতে হবে। সে বিষয়গুলোই উঠে আসছে আমাদের ব্যবসার ক্ষেত্রে।
সিপিডির গবেষণা পরিচালক বলেন, দেশে চলমান সরকারি বিনিয়োগের ফলে বেসরকারি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট হওয়ার কথা ছিল, ‘প্রশাসনের অদক্ষতার কারণে’ তা হচ্ছে না।
তিনি জানান, স্বাভাবিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লষণ করা জন্য যে ১২টি মানদণ্ড বিবেচনা করা হয়, এবারও সেগুলো দিয়েই বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিষ্ঠান, অবকাঠামো, আইসিটির প্রয়োগ, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, পণ্য বাজার, শ্রম বাজার, আর্থিক ব্যবস্থাপনা, বাজারের আকার, স্বাস্থ্য, দক্ষতা, ব্যবসায় গতিশীলতা এবং উদ্ভাবন ক্ষমতা- এ বিষয়গুলো বিচার করেই বাংলাদেশের প্রতিদবেদনটি তৈরি করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
মোয়াজ্জেম জানান, ১০ কোটি টাকার বেশি সম্পদের মালিক- এমন ৫৫টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। গত বছর ৭৭টি প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছিল।
জরিপের ফলাফলে বাংলাদেশে এবার ব্যবসায় প্রতিবন্ধকতার দ্বিতীয় অবস্থানে রয়েছে দুর্নীতি। তৃতীয় অবস্থানে আবার এসেছে অপর্যাপ্ত আর্থিক খাত বা ব্যাংকিং খাতের সহযোগিতার অভাবের কথা।
মোয়াজ্জেম বলেন, “কোভিডকালীন সময়ে এসএমই খাত অথবা অনানুষ্ঠানিক খাত যে ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েছে, তা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির বড় চ্যালেঞ্জ। এতে সবচেয়ে দুর্বলতা রয়েছে অর্থায়নে।
তিনি বলেন, দেশের আর্থিক খাতগুলো শুধু বড় ব্যবসায়ীদেরই সহযোগিতা করছে কি না- সে বিষয়ে ‘নজর দেওয়া দরকার’।
“বাস্তবেও দেখা যাচ্ছে যে বড় প্রতিষ্ঠানগুলোর ঋণের পরিমাণ আর ছোট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফারাক বাড়ছে। এটি আমাদের জন্য দুঃশ্চিন্তার কারণ।”
জরিপের তথ্য বিশ্লেষণে মোয়াজ্জেম বলেন, ব্যবসায়ীরা এখন তাদের ব্যবসার ব্যয় কমিয়ে উৎপাদন বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সে কারণে দক্ষ জনশক্তির অভাবের কথা আগে অনেক নিচের দিক থাকলেও এখন উপরে উঠে আসছে। সেইসঙ্গে কর কাঠামোর বিষয়টিও উঠে আসছে ব্যবসায়ীদের কথায়।
“ব্যবসার সুশাসনের ক্ষেত্রেও বাংলাদেশ গত বছরের তুলনায় এবার কিছুটা পিছিয়ে পড়েছে। সরকারি কাজ দেওয়ার ক্ষেত্রে অনৈতিক লেনদেন রয়েছে। এছাড়া আমদানি-রপ্তানির ক্ষেত্রেও অনৈতিক লেনদেনের বিষয়টি ব্যবসায়ীরা উল্লেখ করেছেন। প্রশাসনিক কাঠামো ও সরকারি তহবিল ব্যবহারের ক্ষেত্রে অভিযোগ করেছেন।”
মোয়াজ্জেম বলেন, এসব সমস্যা আগের বছরও ছিল। তবে গত বছরের তুলনায় এবার আমদানি-রপ্তানির ক্ষেত্রে ঘুষ লেনদেন নিয়ে অভিযোগ কিছুটা কমেছে। বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষায় কিছুটা উন্নতি হয়েছে। তারপর এ সূচকগুলো এখনো নেতিবাচক অবস্থানের মধ্যেই রয়ে গেছে।
‘অদক্ষতা, স্বচ্ছতার অভাব ও জবাবদিহিতার অভাব’ সরকারি পরিষেবার ক্ষেত্রে দুর্বলতার বড় কারণ বলে মন্তব্য করেন সিপিডির গবেষণা পরিচালক।
তিনি বলেন, “আমরা যেহেতু টেকসই উন্নয়ন (এসডিজি) দলিল বাস্তবায়ন করছি। এই দলিলের ১৬.৬ অধ্যায়টি সরকারি প্রতিষ্ঠানের সেবার উন্নয়নকে কেন্দ্র করে। তাই এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সরকারি প্রতিষ্ঠানের পরিষেবাকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে আনার ওপর গুরুত্ব দিতে হবে।”
গোলাম মোয়াজ্জেম জানান, জরিপে ব্যবসায়ীরা মানব সম্পদ উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তার বলেছেন, শিক্ষার হার বাড়লেও গুণগত মান বাড়ছে না। দেশের কারিগরি শিক্ষার মান ‘পিছিয়ে পড়ছে’ বলে আশঙ্কা এসেছে। বিদেশি দক্ষ জনবল এসে চাকরির বাজার সঙ্কুচিত করছে।
দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির জন্য বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা), রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হাইটেক পার্কসহ যে কটি প্রতিষ্ঠান ‘ওয়ানস্টপ সার্ভিস’ দিচ্ছে, তার গতিও ‘শ্লথ’ বলে ব্যবসায়ীরা জরিপে অভিযোগ করেছেন ।
মোয়াজ্জেম বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে দেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তারা। আর্থিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে এ উদ্যোক্তারা বেশি ‘বৈষম্যের শিকার’ হয়েছেন। সরকারি প্রণোদনাও তাদের ক্ষেত্রে ‘বেশি ভূমিকা রাখতে পারেনি’।
“বৈশ্বিক প্রতিবেদনে উন্নতদেশগুলো স্কোর করেছে ৭০ এর ওপরে। এমনকি উন্নয়নশীল দেশুগলোর স্কোরও ৫০ এর ওপরে রয়েছে। এর মধ্যে আমরা অবকাঠামোসহ মাত্র দুটি খাতে ৫০ এর বেশি স্কোর করতে পেরেছি। বাকিগুলো সবই ৫০ এর নিচে।”
তিনি জানান, যে সময় জরিপটি চালানো হয়েছিল সে সময় মহামারী মাত্র শুরু হয়েছিল। এই প্রতিবেদনের জন্য ফেব্রুয়ারি মাস থেকে জরিপ শুরু করে মে মাসে শেষ করা হয়েছে। তাই মহামারীর অভিঘাত বিবেচনা করে প্রশ্ন তৈরি করা যায়নি। সে কারণে এবারের প্রতিবেদনে বৈশ্বিক র্যাংকিং করা হয়নি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের প্রতিবেদনে ১১টি বিশেষ বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এগুলো হল- বিশ্বাসযোগ্য দক্ষ প্রশাসক, প্রতিষ্ঠান, পরিবেশবান্ধব অবকাঠামো, কর কাঠামো, ভবিষ্যত কাজের দক্ষতা ও শিক্ষা, শ্রম আইন, সামাজিক নিরাপত্তা, শিশু এবং প্রবীণ যত্নসেবা, দীর্ঘ মেয়াদী বিনিয়োগ, প্রতিযোগিতা সক্ষমতা, ভবিষ্যত বাজারের জন্য সরকারি বেসরকারি সহযোগিতা, ভবিষ্যত বাজারের জন্য স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং বৈচিত্রায়ন ও অন্তর্ভুক্তি।
মোয়াজ্জেম জানান, এই ১১টি বিষয় বিবেচনায় নিয়ে উন্নত ও উন্নয়নশীল ৩৭টি দেশ থেকে তথ্য নিয়ে এবারের বৈশ্বিক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
এসব দেশের মধ্যে ভারত, চীন, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, পোল্যান্ডের মত দেশও রয়েছে।
