২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জর্ডানে ১২ হাজার শ্রমিক যাবে ক্লাসিক ফ্যাশনে

বাংলাদেশের ১২ হাজার পোশাক কর্মী জর্ডানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলসে কাজ করার সুযোগ পাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2020, 06:17 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বছরই এই শ্রমিকরা জর্ডান যেতে পারছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দুদিন আগেই জানিয়েছিলেন, জর্ডানের একটি কোম্পানি ১২ হাজার দক্ষ পোশাক শ্রমিক নেবে এবং কোম্পানিটির কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশে এসে আলোচনা চূড়ান্ত করবেন।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন জর্ডানের সর্ববৃহৎ পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সানাল কুমার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সানাল কুমার জানান, তার প্রতিষ্ঠানের ২৬ হাজার কর্মীর মধ্যে ১৬ হাজার কর্মীই বাংলাদেশের। তারা বাংলাদেশ থেকে আগামী বছর আরও ১২ হাজার কর্মী নিয়োগ দেবে। 

বাংলাদেশের কর্মীদের মেধা, শ্রম ও কর্তব্যনিষ্ঠাই জর্ডানে অধিক সংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ বলে তিনি জানান। 

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে ৭০ হাজারের মতো বাংলাদেশি শ্রমিক রয়েছে, যার ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন বলে জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য।

জর্ডানের মিনা অঞ্চলে অবস্থিত ক্ল্যাসিক ফ্যাশন প্রতিদিনে সাড়ে ৪ থেকে ৫ লাখ পোশাক প্রস্তুত করে বলে কোম্পানিটির ওয়েবসাইটে তথ্য দেওয়া আছে। কোম্পানিটি বছরে ৬ কোটি ডলারের বেশি বিক্রি করে থাকে।

নতুন শ্রমিক নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রপ্তানিকারক কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আগেই জানিয়েছিলেন।

ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের পাশাপাশি বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদলও ছিলেন।

পুরনো খবর:

১২ হাজার পোশাক শ্রমিক নেবে জর্ডান