২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএফএসে নিরাপত্তা নিয়ে বিকাশের কর্মশালা

বিকাশ আয়োজিত এক ভার্চুয়াল কর্মশালায় দ্রুত বর্ধনশীল মোবাইল আর্থিক সেবা খাতের টেকসই উন্নয়নে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আইন আরও কার্যকরভাবে প্রয়োগের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2020, 01:29 AM

Updated : 18 Aug 2022, 04:14 PM

সম্প্রতি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ‘এসেন্স অব এএমএল অ্যান্ড সিএফটি ফর সাসটেইনেবল গ্রোথ অব এমএফএস সেক্টর’ শীর্ষক এই কর্মশালা হয়, যাতে প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ প্রধান আবু হেনা মো. রাজি হাসান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অ্যান্ড চিফ অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম।

তিনি এএমএলসিএফটি নীতিমালা মেনে চলতে বিকাশের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। পাশাপাশি এমএফএস খাতের টেকসই উন্নয়ন ধরে রাখতে সকল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর এএমএলসিএফটি এবং রেগুলেটরি নীতিমালা মেনে চলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অংশ নেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ হুমায়ূন কবীর, বিএফআইউর নির্বাহী পরিচালক এসকান্দার মিয়া, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মো, মেজবাউল হক, বিএফআইইউর ডেপুটি জেনারেল ম্যানেজার শওকাতুল আলম এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

আবু হেনা মো. রাজি হাসান বলেন, “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ -এর যে নীতিমালা ও নির্দেশনা আছে তা যথাযথ ভাবে পালন করে এএমএলসিএফটি নিশ্চিত করা সম্ভব।”

সেলিম আর এফ হোসেন বলেন, “কমপ্লায়েন্স নিশ্চিত করতে বিকাশ ব্যাপক হারে কৌশল, প্রক্রিয়া এবং প্রযুক্তিগত বিনিয়োগ অব্যাহত রেখেছে এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।”

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, “এএমএলসিএফটি কমপ্লায়েন্স আমাদের প্রতিষ্ঠানের সংস্কৃতি। এমএফএস খাতের টেকসই উন্নয়নের পাশাপাশি গ্রাহকের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”