২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনে নগদের সেবা সহজ হল আরও

গ্রামীণফোনের গ্রাহকরা তাদের মোবাইল ফোন থেকে একটি কোড ডায়াল করে মাত্র দুই ধাপেই নগদ এর গ্রাহক হয়ে যেতে পারবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 05:05 PM

Updated : 25 Jul 2022, 07:07 PM

দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সাড়ে সাত কোটি গ্রাহকের জন্য নগদের আর্থিক সেবাপ্রাপ্তি সহজ করতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে দুই কোম্পানি।

গত কয়েক মাস ধরেই পরীক্ষামূলকভাবে নগদ এর অ্যাকাউন্ট খোলার এই নতুন পদ্ধতি ব্যবহার করা যাচ্ছিল গ্রামীণফোন থেকে। বুধবার বিজয় দিবসে ভার্চুয়াল এক আয়োজনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

এ পদ্ধতিতে গ্রামীণফোনের গ্রাহকদের প্রথমে *১৬৭# ডায়াল করতে হবে এবং তারপর পিন সেট করে দিতে হবে। তাহলেই তারা নগদের গ্রাহক হয়ে যাবেন। এছাড়া নগদের অ্যাপ ডাউনলোড করে পিন সেট করলেও একই সুবিধা পাওয়া যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানে বলেন, “ঝক্কি-ঝামেলা ছাড়াই ডিজিটাল ফাইনানশিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার এই প্রক্রিয়া চালু করায় ‘নগদ’ এবং গ্রামীণফোনকে ধন্যবাদ দিতে চাই। বাংলাদেশের সাধারণ জনগণের আর্থিক অন্তর্ভুক্তিতে অংশ নিতে আর কোনো বাধা কিংবা দীর্ঘসূত্রতা থাকবে না। এই উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।”

আগে ফর্ম পূরণ করে ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিয়ে মোবাইল আর্থিক সেবার অ্যাকাউন্ট খুলতে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হত।

নগদ তাদের যাত্রার শুরু থেকেই ‘ডিজিটাল কেওয়াইসি’ চালু করে, যাতে অ্যাপের মাধ্যমে সেলফি এবং জাতীয় পরিচয়পত্রের ছবি দিয়ে সহজেই অ্যাকাউন্ট খোলার সুযোগ তৈরি হয়।

এখন গ্রামীণফোনের গ্রাহকদের ছবি বা জাতীয় পরিচয়পত্রের ছবি দেওয়ারও প্রয়োজন পড়বে না। যেহেতু অপারেটরের কাছে নিবন্ধিত সকল গ্রাহকের তথ্য সংরক্ষিত আছে, *১৬৭# ডায়াল করলেই ভেরিফিকেশনের কাজটি হয়ে যাবে। সব মিলিয়ে সময় লাগবে ১০ সেকেন্ড। 

এ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আগেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অনুমোদন নিয়েছে ‘নগদ’। চলতি বছরের শুরুর দিকে নগদ আরো কয়েকটি মোবাইল ফোন অপারেটরের সঙ্গে একই ধরনের চুক্তি করে।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমাদের জানা মতে, এত সহজে কোনো ফাইনানশিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট খোলার সুযোগ আর নেই। একইসঙ্গে এটি বিশ্বের সর্ববৃহৎ ফাইনানশিয়াল ইনক্লুশনের উদ্যোগ বলেও আমরা জানতে পেরেছি। যুগান্তকারী এই উদ্যোগ দেশের সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্কের আওতায় থাকা গ্রাহকদের আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে সহায়তা করবে।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, “নগদের সাথে এই পার্টনারশিপের ফলে গ্রামীণফোনের গ্রাহকেরা সহজেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। দেশের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও এই উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। এই মোবাইল ফাইনানশিয়াল সার্ভিসের গ্রাহক সংখ্যা ইতোমধ্যে আড়াই কোটি ছাড়িয়েছে, যা দেশে দ্বিতীয় সর্বোচ্চ।

গ্রামীণফোনের সঙ্গে এই সমঝোতার ফলে গ্রাহক সংখ্যার বিবেচনায় দেশের শীর্ষ ডিজিটাল আর্থিক সেবায় পরিণত হওয়ার পথ সহজ হল নগদের।

অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

গ্রামীণফোনের গ্রাহকদের জন্যে ‘নগদ’ এ বিশেষ অফার

‘নগদ’ প্ল্যাটফর্মে গ্রামীণফোনের যে সব গ্রাহক রয়েছেন, বা নতুন যারা গ্রাহক হবেন, তাদের জন্যে বিশেষ ডেটা ও বান্ডেল অফার দিচ্ছে গ্রামীণফোন।

‘নগদ’ ওয়ালেট থেকে গ্রামীণফোনের নিজের নম্বরে ২৬ টাকা রিচার্জ করলে ৭২ ঘণ্টার জন্যে ৩০০ মেগাবাইট ডেটা এবং ৩০ মিনিট ভয়েস কলের সুযোগ পাবেন গ্রাহক।

আর ৩১ টাকা রিচার্জ করলে তিন দিনের জন্যে ৫০ মিনিট বা ৪২ টাকা রিচার্জে তিন দিন মেয়াদের এক জিবি ডেটা কিনতে পারবেন গ্রাহক।