বেরাইদের খান’স কিচেনে ভ্যাট ফাঁকির অভিযোগ
ঢাকার বড় বেরাইদের খান’স কিচেন নামের একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান দুই মাসেই ১ কোটি ৪২ লাখ টাকার বিক্রয় হিসাব গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে বলে দাবি করেছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
প্রতিষ্ঠানটি সুদসহ মোট ২২ লাখ ৬৬ হাজার টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে অভিযোগ করে মামলা হচ্ছে বলে অধিদপ্তর জানিয়েছে।
সোমবার ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে খান’স কিচেনে অভিযান চালানো হয়।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়, ফেইসবুকে একজনের সচিত্র অভিযোগের পরিপ্রেক্ষিতে তা যাচাই করে এই অভিযান চালানো হয়।
খান’স কিচেন বড় বড় শিল্প কারখানা এবং নানা অনুষ্ঠানে খাবার সরবরাহ করে থাকে।
ভ্যাট গোয়েন্দা জানায়, খান’স কিচেন পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভ্যাট চালানের পরিবর্তে ডুপ্লিকেট ও অবৈধ চালান ব্যবহার করে আসছে। এসব চালানে ভ্যাট আইন অনুসারে মূসক ৬.৩ ব্যবহার করা হয়নি।
“তল্লাশির এক পর্যায়ে প্রতিষ্ঠানটির ক্লিপ ফাইলে ২০১৯ সালের জুলাই ও ডিসেম্বর এই দুই মাসের প্রকৃত বিক্রয় তথ্য পাওয়া যায়। এতে দেখা যায় যে, গত বছরের জুলাই মাসে প্রতিষ্ঠানটির মোট ৯৩ লাখ টাকার বিক্রয় হয়। কিন্তু এ সময় প্রতিষ্ঠান গুলশান ভ্যাট সার্কেলে প্রদত্ত দাখিলপত্রে ১৯ লাখ ৯৩ হাজার টাকার বিক্রয়মূল্য প্রদর্শন করেছে।”
অর্থাৎ ওই মাসের দাখিলপত্রে ৭৩ লাখ টাকার বিক্রয় তথ্য গোপন করে ৯ লাখ ১৪ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে বলে ভ্যাট গোয়েন্দাদের দাবি। এই ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় মাসিক ২ শতাংশ হারে সুদ ২ লাখ ৯৩ হাজার টাকাও যোগ হবে।
অন্যদিকে গত বছরের ডিসেম্বর মাসে মোট ৮৪ লাখ ৮০ হাজার টাকার বিক্রয় তথ্য পায় ভ্যাট গোয়েন্দারা। সেখানে ১১ লাখ টাকার মতো ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বলেছে, অন্যান্য মাসগুলোতেও অনুরূপ গরমিল দেখা গেছে।
“ক্যাটারিং সার্ভিস কর্তৃপক্ষের নিকট হতে জব্দকৃত ভ্যাট সংক্রান্ত সকল দলিলাদি যাচাই-বাচাই এবং প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর থেকে মোট ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। ভ্যাট আইন পরিপালন না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইন অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।”
