২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিমোট কন্ট্রোলড’ গিজার আনলো আরএফএল

এই শীতে দূর নিয়ন্ত্রিতসহ মোট পাঁচটি নতুন মডেলের গিজার নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2020, 12:18 AM

Updated : 08 Apr 2022, 01:45 AM

আরএফএল গ্রুপ জানায়, মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরএমআইএলের কারখানায় এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যগুলোর মোড়ক উন্মোচন করেন আরএমআইএলের পরিচালক মো. মনিরুজ্জামান।

মনিরুজ্জামান বলেন, “গিজার বর্তমানে মানুষের জীবনযাত্রার একটি প্রয়োজনীয় উপকরণে পরিণত হয়েছে। বাজারে গিজারের চাহিদা দিন দিন বাড়ছে। শীত মৌসুমে এর চাহিদা অনেক বৃদ্ধি পায়।

“আরএফএল সবসময় ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে থাকে। ক্রেতাদের চাহিদা বিবেচনা করে এ বছর আমরা পাঁচটি নতুন মডেলের গিজার বাজারে এনেছি।”

এগুলোর মধ্যে রয়েছে ’রোবট’ মডেলের দূর নিয়ন্ত্রিত বা রিমোট কন্ট্রোলড গিজার, যার ধারণক্ষমতা ৩০ লিটার। কক্ষের যে কোনো স্থান থেকে গিজার চালু করা যাবে।

এছাড়া ছোট পরিবারের জন্য আনা হয়েছে ৬ লিটার ধারণক্ষমতার ’গ্লিটার’ গিজার। এতে অল্প সময়ে পানি গরম হয়ে যায়।

এছাড়াও রয়েছে ‘রোলান্ড’ (৩০ লিটার ও ৫০ লিটার) ‘রয়েল গিজার’ (৩০ লিটার ও ৫০ লিটার) ও ’প্রেস্টিজ’ মডেলের ইন্সট্যান্ট ওয়াটার হিটার (ফ্লো ক্যাপাসিটি ২-৬ লিটার)।

অনুষ্ঠানে আরএমআইএলের ডেপুটি ম্যানেজার (অপারেশন) জহিরুল ইসলাম বলেন, গিজারগুলোতে ব্যবহার করা হয়েছে এনামেল কোটিং। ফলে মরিচা ধরে না এবং টেকসই হয়। তাছাড়া এতে ব্যবহার করা হয়েছে পিইউ ইনসুলেশন যা পানি দীর্ঘসময় গরম রাখে। এতে রয়েছে ট্রিপল সেফটি প্রটেকশন, যা দুর্ঘটনা থেকে গিজারকে রক্ষা করে। এছাড়াও রয়েছে টেম্পারেচার ডিসপ্লে, যার ফলে পানির তাপমাত্রা সহজে দেখা যায়।

বর্তমানে আরএফএল এর নতুন পাঁচটি মডেলসহ মোট নয় ধরনের বিভিন্ন সাইজের গিজার রয়েছে। আরএফএল এর গিজার সর্বনিম্ন ৫ হাজার ৭৭৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা আরএফএলএল এর বেস্টবাই, ইজি বিল্ড, ভিশন এম্পোরিয়াম ও আরএফএল এর সকল এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট থেকে এসব গিজার কিনতে পারবেন। তাছাড়া অথবা ডটকমেও মিলবে এই গিজার।