আব্দুছ ছালামই থাকছেন জনতা ব্যাংকের এমডি
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচলক পদে ফের নিয়োগ পেয়েছেন আব্দুছ ছালাম আজাদ।
২০১৭ সালের ৫ ডিসেম্বর তাকে ব্যাংকটিতে এমডি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। গত ৩ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।
সোমবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আব্দুছ ছালামকে আবার ব্যাংকটির এমডি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মঙ্গলবার সেই প্রজ্ঞাপন ব্যাংকটির পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আব্দুছ ছালাম আজাদকে ২০২৩ সালের ২৯ এপ্রিল পর্যন্ত (তার বয়স ৬৫ বছর পর্যন্ত) চুক্তিতে পুনঃনিয়োগে সরকারের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো
জনতা ব্যাংকেই কর্মজীবন শুরু হয় আব্দুছ ছালামের। মহাব্যবস্থাপক পদ থেকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলে তাকে বদলি করা হয় কৃষি ব্যাংকে।
এরপর উপব্যবস্থাপনা পরিচালক পদেই তিনি ফিরে আসেন জনতা ব্যাংকে। সেখান থেকেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হন।
ব্যাংকটিতে বড় দুটি ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে তিনি এমডি থাকা অবস্থাতেই।
এর একটি হচ্ছে এনন টেক্স গ্রুপের পাঁচ হাজার ৭৬৮ কোটি টাকার ঋণ অনিয়ম। অন্যটি হচ্ছে ক্রিসেন্ট গ্রুপকে সীমার বাইরে ঋণ দেওয়া।
এই দুটি ঋণের অর্থ বিদেশে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
এনন টেক্স গ্রুপকে দেওয়া ঋণের অনিয়মের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ পরিদর্শন চালায়। কেন্দ্রীয় ব্যাংকের ওই পরিদর্শনে ঋণ বিতরণে অনিয়মের বিষয়টি উঠে আসে।
দুর্নীতি দমন কমিশনও বিষয়টির তদন্ত করছে।
