বঙ্গবন্ধু শিল্পনগরে ৯৩৫ কোটি টাকা বিনিয়োগ করবে ম্যাকসন্স গ্রুপ
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ভূমি বরাদ্দ নিয়ে কাপড় বুননের তিনটি শাখা স্থাপন করতে যাচ্ছে দেশের অন্যতম টেক্সটাইল কোম্পানি ম্যাকসন্স গ্রুপ।
দেশের সর্ববৃহৎ এই শিল্পনগরে ৩০ একর জমিতে ১১ কোটি ডলার বা ৯৩৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা) বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় চার হাজার মানুষের কর্মসংস্থান হবে।
সোমবার ঢাকার সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার সঙ্গে তিন প্রতিষ্ঠানের জন্য পৃথক তিনটি ভূমি ইজারা চুক্তি করে ম্যাকসন্স গ্রুপ। প্রতিষ্ঠান তিনটি হল- মেট্রো স্পিনিং মিলস লিমিটেড, ম্যাকসন্স স্পিনিং মিলস এবং ম্যাকসন্স স্পিনিং মিলস (ইউনিট-২)। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে ১০ একর করে ভূমি।
চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজীতে প্রায় ৩৩ হাজার একর জমির উপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর গড়ে তুলছে বেজা, যার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ১০ কিলোমিটার ও চট্টগ্রাম থেকে ৬৫ কিলোমিটার দূরে।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল থাকছে এই শিল্পনগরে। এ লক্ষ্যে বেজা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন এবং প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ নির্মাণ, গ্যাস সংযোগ লাইন স্থাপন করছে।
অনুষ্ঠানে ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, “টেক্সটাইল শিল্পে আমার ৩৫ বছর ব্যবসা করার অভিজ্ঞতা। সর্বশেষ বছরে ৭৭ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, আগামী বছরে ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছি।”
দেশে টেক্সটাইল শিল্পের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, “রপ্তানিমুখী পোশাক শিল্পসহ অন্যান্য খাতে অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহের মধ্যে ৬০ শতাংশ গ্যাপ রয়েছে। রপ্তানিমুখী পোশাক শিল্পে এখন প্রায় ৭ থেকে ৮ বিলিয়ন ডলার মূল্যের কাপড় আমদানি করতে হচ্ছে। এই থেকে বোঝা যাচ্ছে দেশে মানসম্পন্ন কাপড়ের চাহিদা কতটুকু।
“নতুন এই শিল্প ইউনিটগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে উন্নত মানের সুতা ও কাপড় উৎপাদন করা হবে। এই তিনটি প্রতিষ্ঠান যদি আমরা সফলভাবে দাঁড় করাতে পারি তাহলে এখান থেকেও একশ মিলিয়ন ডলার রপ্তানির সুযোগ তৈরি হবে।
“দুই ঈদ, পুজা, নববর্ষের চারটি উৎসবকে কেন্দ্র করে আট বিলিয়ন ডলারের পোশাক ও কাপড়ের বাজার তৈরি হয়। আমরা চাই এই চাহিদার শতভাগ যেন দেশীয় জোগান থেকে নিশ্চিত করা যায়।”
সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, “বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের হাত ধরে বাংলাদেশ বিনিয়োগবান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে এবং বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল স্থাপন করেছে। ৫০০ একর আয়তনের গার্মেন্টস ভিলেজ স্থাপনের সকল প্রস্তুতি বেজা সম্পন্ন করেছে। টেক্সটাইল মিল স্থাপনের মাধ্যমে সেখানে ইন্ডাস্ট্রিয়াল সিনার্জি স্থাপিত হবে।
“মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিল্পনগর নির্মিত হচ্ছে এবং এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো পূরণ হবে।”
