গ্রাহকের অজান্তে সেবা: রবি-বাংলালিংককে নোটিস বিটিআরসির
গ্রাহকের অজান্তে সেবা চালু করে টাকা কেটে নেওয়ার বিষয়ে টেলিকম অপারেটর রবি ও বাংলালিংকের কাছে ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
এবিষয়ে মঙ্গলবার পাঠানো নোটিসে কনটেন্ট প্রোভাইডারদের মাধ্যমে সব টেলিকম ভ্যালু অ্যাডেড সার্ভিস (টিভ্যাস) বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
বিটিআরসির উপ পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রাহক স্বার্থ রক্ষায় বিটিআরসি বদ্ধপরিকর এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অধিক পেশাদারিত্বের প্রতি মনোযোগী হতে অনুরোধ জানানো যাচ্ছে। নতুবা আইন ও বিধি মোতাবেক কঠোর পদক্ষেপ গৃহিত হবে।
‘কনটেন্ট প্রোভাইডার এবং বাংলালিংক ও রবি গ্রাহকের অজান্তে তার মোবাইল বিভিন্ন টিভ্যাস চালু করার মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করছে’ বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে বিটিআরসি।
চিঠিতে বলা হয়, “টিভ্যাস গ্রাহকের অধিকাংশই সমাজের নিম্ন আয়ের, শিক্ষায় পিছিয়ে পরা জনগোষ্ঠী যারা শহরতলী বা গ্রামাঞ্চলে বসবাস করেন। বাংলালিংক ও রবির সরাসরি সহযোগিতা ছাড়া এইসব গ্রাহকের তালিকা কনটেন্ট প্রোভাইডারদের পক্ষে হস্তগত করা সম্ভব নয়। এসব টিভ্যাসের সার্ভিস ডেলিভারি প্লার্টফর্ম বাংলালিংক ও রবির নিয়ন্ত্রাধীন।
“বাংলালিংক ও রবির নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকের অজান্তে তার মোবাইল ফোনের সার্ভিস অ্যাক্টিভেট করে মোবাইল থেকে টাকা নেওয়ার ফলে বাংলালিংক ও রবি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, সুস্পস্ট লংঘন করেছে মর্মে প্রতীয়মান হয়।”
অভিযোগের ভিত্তিতে বাংলালিংক ও রবির সকল টিভ্যাস কেন বন্ধ রাখা হবে না সে বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে কমিশনকে অবহিত করার জন্য নির্দেশনা দেয় বিটিআরসি।
একই সাথে অভিযোগের ভিত্তিতে গ্রাহক স্বার্থ রক্ষায় টেলিযোগাযোগ আইন অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চিঠি পাঠানোর তারিখ থেকে রবি ও বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে কমিশন থেকে নিবন্ধিত কনটেন্ট প্রোভাইডারদের মাধ্যমে সকল টিভ্যাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
রবি আজিয়াটা লিমিটেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আজ বুধবার বিটিআরসির সাথে আলোচনা করে সামাধান করা হয়েছে। গ্রাহকের অজান্তে কোনো টিভ্যাস অ্যাকটিভ যেন না হয় সেজন্য প্রযুক্তি স্থাপনের বিষয়টি তাদের অবহিত করা হয়েছে এবং রবি খুব শিগগিরই এ প্রযুক্তি শুরু করতে যাচ্ছে।”
বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ব্যাপারে বিটিআরসির সাথে আমাদের ইতোমধ্যে আলোচনা হয়েছে। তাদের নির্দেশনা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আমাদের মতামত তাদের কাছে আমরা তুলে ধরেছি।
“বর্তমানে বিটিআরসির দেওয়া প্রস্তাব বাস্তবায়নের জন্য আমরা কাজও চালিয়ে যাচ্ছি। একটি গ্রাহক-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় তাদের স্বার্থ রক্ষা করতে চেষ্টা করে থাকি।”
দেশের ৪ অপারেটরের মাধ্যমে নিউজ অ্যালার্টসহ গান, ভিডিও, ওয়েলকাম টিউন ইত্যাদি সেবা দিয়ে থাকে টিভ্যাস প্রতিষ্ঠানগুলো।
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব এস এম ফরহাদ এক ই-মেইল বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের মোবাইল সেবাদাতারা গ্লোবাল প্রাকটিস অনুযায়ী দুই স্তরের অথেনটিকেশন পদ্ধতি অনুসরণ করে।
“ভ্যাসের রাজস্বের অংশ ভ্যাস প্রোভাইডার, মোবাইল সেবাদাতা ও সরকার এই তিন পক্ষই পায়। ভ্যাস সেবাদাতারাও বিটিআরসির লাইসেন্সি, তাই যথাযথভাবে আইন মেনে যেন এই সেবা প্রদান করা হয় সে ব্যপারে তাদের (ভ্যাস প্রোভাইডার) দায় আছে। মোবাইল সেবাদাতারা সবসময় সরকারের নিয়ম-নীতি মেনেই কাজ করে।”
