২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অগ্রণীদুয়ার’-এ সেবা পাবেন প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা

অনলাইনে ঋণের কিস্তি দেওয়ার বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 06:33 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

মঙ্গলবাল সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এই চুক্তির মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা অগ্রণী ব্যাংকের অনলাইন প্ল্যাটফর্ম ‘অগ্রণীদুয়ার’ ব্যবহার করে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় অনলাইনে ঋণের কিস্তি দিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন।

তিনি বলেন, “প্রবাসী কল্যাণ ব্যাংক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিন্তা ও মননের ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের সেবা সহজলভ্য করতে কাজ করছে মন্ত্রণালয়। এই চুক্তির মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা গ্রহীতারা বিশেষভাবে উপকৃত হবেন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন উপস্থিত ছিলেন।