নর্দান ইউনিভার্সিটিতে ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট শুরু শুক্রবার
বেসরকারি নর্দান ইউনিভার্সিটির আয়োজনে ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-ওয়ার্ল্ড মার্কেটিং সামিট-২০২০।
মহামারী পরিস্থিতি বিবেচনায় এবারের সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এবারের সামিট যৌথভাবে আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ও কটলার ইমপ্যাকট ইনকরপোরেটেড।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভার্চুয়াল সম্মেলনে ১০৪টি দেশের প্রতিনিধি যুক্ত থাকবেন; ৮০ জনের বেশি অতিথি বক্তব্য রাখবেন।
অধ্যাপক ফিলিপ কটলার ও তার বিশেষজ্ঞ দল, মার্কেটিং বিশেষজ্ঞ, বিপণন জগতের স্বনামধন্য ব্যক্তি, উদ্যোক্তারা থাকবেন অতিথি।
জাপান, জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, মালায়শিয়া, সিংগাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ও ফ্রান্সসহ অন্যান্য দেশের বিশেষজ্ঞরা আলোচনা করবেন।
সম্মেলনের আলোচ্য : নিউ প্রোডাক্ট ডেভেলোপমেন্ট, বিজ্ঞাপন, ডিজিটাল মার্কেটিং, বিটুবি মার্কেটিং, বিক্রিতে অনিশ্চয়তা, সামাজিক উদ্যোক্তা, ই-কমার্স, ডাটা ম্যানেজমেন্ট, সেবা মাকের্টিং, হাই টেক মার্কেটিং, ভ্যালু ক্রিয়েশন, অনলাইনে বিক্রয়, স্টার্টআপ ফান্ড রাইজিং, স্টার্টআপ মার্কেটিং অ্যান্ড সেলিং, ম্যানেজমেন্ট অব টেকনোলজি, ইনোভেশন, সোস্যাল মার্কেটিং, কনসেপ্ট মার্কেটিং, কাস্টমার ডাটা ম্যানেজমেন্টসহ বিভিন্ন শিরোনামের ওপর আলোচনা হবে।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, এই সামিটের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি ও বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি পরিচয় করিয়ে দেবে।
ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের করপোরেট সেক্টরগুলো এই সামিটে যে উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ গ্রহণ করেছে তা সত্যিই আশাব্যঞ্জক।
